ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০২:৪২ পিএম, ১২ মার্চ ২০২৬

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আহাদ শেখকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর দেড়টার দিকে ফরিপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা) শামীমা পারভীন এ রায় দেন।

এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায়ে অন্য দুই আসামিকে খালাস দেওয়া হয়। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) গোলাম রব্বানী ভুঁইয়া রতন এ তথ্য নিশ্চিত করেছেন।

কারাদণ্ডপ্রাপ্ত আহাদ শেখ ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী গ্রামের মৃত বাদশা শেখের ছেলে।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী গ্রামের মৃত বাদশা শেখের ছেলে ২০১৭ সালের ১ আগস্ট স্ত্রী রুবাইয়া বেগমকে যৌতুকের দাবিতে হত্যা করেন। এ ঘটনায় নিহতের মা রোমেছা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) গোলাম রব্বানী ভুঁইয়া রতন বলেন, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় প্রদান করেন। আদালত রায়ে আমরা সন্তুষ্ট।

এন কে বি নয়ন/এনএইচআর/এএসএম