ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঝিনাইদহ

ভিজিএফ কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, বিএনপির ১৫ নেতাকর্মী আটক

জেলা প্রতিনিধি | ঝিনাইদহ | প্রকাশিত: ০৪:০৬ পিএম, ১৩ মার্চ ২০২৬

ঝিনাইদহের শৈলকূপায় ভিজিএফ কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষের ঘটনায় ১৫ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৩ মার্চ) সকালে উপজেলার চর গোলকনগর গ্রামসহ বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকদের সবাই শৈলকূপা উপজেলার মির্জাপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মী বলে জানা গেছে।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ন বাবর ফিরোজ এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, সংঘর্ষের পরে শুক্রবার মির্জাপুর ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি সায়েম আলী ও যুবদল নেতা শামীম লস্কর বাদী হয়ে শৈলকূপা থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেন। লিখিত অভিযোগপত্রে উভয় পক্ষই একে অপরের গ্রেফতার ও শাস্তির দাবি করেন।

আরও পড়ুন:
ভিজিএফ কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪০

অভিযোগের পর পুলিশ উভয়পক্ষের অন্তত ১৫ জনকে আটক করেছে। আটকদের মধ্যে রয়েছেন, মির্জাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির মুক্তি, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সায়েম আলী, যুবদল নেতা শামীম লস্কর, মহিদুল ইসলাম, পান্না মিয়া সহ ১৫ জন নেতাকর্মী।

এ বিষয়ে শৈলকূপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন বাবর ফিরোজ বলেন, যারাই দলীয় শৃঙ্খলা ভঙ্গ করবে, তাদের বিরুদ্ধে দলীয়ভাবে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ প্রশাসনকে নির্দেশনা ও পরামর্শ দেওয়া হয়েছে। আমরা বলেছি, অপরাধী যেই হোক, আইনের আওতায় তাকে আনতে হবে।

শৈলকূপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, চর গোলকনগর গ্রামে সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের লোকজন থানায় অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে ১৫ জনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলার অবনতি যে বা যারাই ঘটাবে, তাদের বিরুদ্ধেই ‘জিরো টলারেন্স’ নীতি প্রয়োগ করা হবে।

এর আগে গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চর গোলকনগর গ্রামে স্থানীয় বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ বাধে। ঈদ সামনে রেখে ভিজিএফ কার্ড বিতরণে প্রভাব বিস্তার ও কার্ডের ভাগ বাটোয়ারা নিয়ে মির্জাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সায়েম আলী ও যুবদল নেতা শামীম লস্করের মাঝে বাকবিতণ্ডা হয়। এরই জেরে দুই নেতার সমর্থকরা বৃহস্পতিবার রাতে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হন।

এম শাহাজান/এমএন/এএসএম