ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ইউটিউব-ওয়েবসাইট দেখে জাল টাকা তৈরি, সরঞ্জামসহ যুবক আটক

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৭:২৭ পিএম, ১৩ মার্চ ২০২৬

ফেনীতে লক্ষাধিক টাকার জাল নোট ও তৈরির সরঞ্জামসহ এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার রাতে জেলার শহরতলীর রানীরহাট থেকে তাকে আটক করা হয়।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে এক সংবাদ সম্মেলনের পুলিশ এ তথ্য জানায়।

আটক ফারুক আহম্মেদ ভূঁইয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ এলাকার মৃত মো. আলী আহাম্মদ ভুঁইয়ার ছেলে। সে দীর্ঘদিন ধরে ফেনীর দাগনভূঞার রাজাপুর ইউনিয়নের কোরাইশ মুন্সিতে ভাড়া বাসায় থাকতেন।

ইউটিউব-ওয়েবসাইট দেখে জাল টাকা তৈরি, সরঞ্জামসহ যুবক আটক

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ফেনী শহরতলীর রানীরহাট বাজারে জাল টাকাসহ লেনদেন করার সময় স্থানীয় জনতা ফারুককে হাতে-নাতে আটক করে পুলিশে সোপর্দ করে। এ সময় তার কাছ থেকে ৫,৬২০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দাগনভূঞার ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ১ লাখ ২৫ হাজার ৩৬০ টাকা সমমূল্যের ছাপানো ও আংশিক ছাপানো জাল নোট জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, ফারুক ঢাকার সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজ থেকে মার্কেটিংয়ে অনার্স শেষ করেছেন। তিনি গ্রাফিক্স ডিজাইনের কোর্সও করেছিলেন। ইউটিউব ও বিভিন্ন ওয়েবসাইট থেকে জাল টাকা তৈরির কৌশল রপ্ত করে অল্প সময়ে অধিক লাভের আশায় তিনি এই অপরাধে জড়িয়ে পড়েন। জালনোট তৈরিতে তিনি ইপসন প্রিন্টার, ডেল মনিটরসহ বিশেষ ধরনের ফটো পেপার এবং ডালডা ঘি ব্যবহার করতেন।

ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সজল কান্তি দাস জানান, আটক ফারুকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। অভিযান চালিয়ে জালনোট তৈরির প্রিন্টার, প্রসেসর ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আবদুল্লাহ আল-মামুন/কেএইচকে/এএসএম