হুইপ জি কে গউছ
সন্ত্রাস করে কেউ গ্রেফতার হলে রাজনৈতিক তদবির চলবে না
সন্ত্রাস ও অস্ত্র প্রদর্শন করে জনমনে ভয় সৃষ্টি করলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের হুইপ জি কে গউছ। তিনি বলেন, সন্ত্রাস ও অস্ত্রবাজির ক্ষেত্রে আমার অবস্থান ‘জিরো টলারেন্স’। এ ধরনের অপরাধে কেউ গ্রেফতার হলে তার জন্য কোনো রাজনৈতিক তদবির চলবে না।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে হবিগঞ্জ শহরের এম সাইফুর রহমান টাউন হলে পৌরসভার খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের মধ্যে সম্মানী ভাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিগত ফ্যাসিবাদ আমলে আমার ওপর অমানবিক অত্যাচার নির্যাতন হয়েছে। সাড়ে ১৫শ’ দিন আমাকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। আমি তখন পৌরসভার মেয়র। জনপ্রিয়তাই আমার অপরাধ। মানুষ আমাকে ভালোবেসে। ভালোবাসা দিয়েই আমি মানুষের ভালোবাসা অর্জন করেছি। তাই কারাগারে বন্দি অবস্থায়ও মানুষ আমাকে বিপুল ভোটে মেয়র নির্বাচিত করেছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. মইনুল হক। পৌরসভার প্রধান নির্বাহী জাবেদ ইকবালের সঞ্চালনায় এতে বক্তৃতা করেন পিটিআই মসজিদের খতিব মাওলানা এমএ জলিল, কোর্ট জামে মসজিদ ইমাম মুফতি মাওলানা মোস্তাফিজুর রহমান আজহারী, উপজেলা মসজিদের মোয়াজ্জিন মাওলানা মাছুম বিল্লাহ্ প্রমুখ।
এদিন অনুষ্ঠানে হবিগঞ্জ পৌরসভার পক্ষে ৮৩টি মসজিদের ১৪ জন খতিব, ৮২ জন ইমাম ও ৮১ জন মোয়াজ্জিনের মধ্যে সম্মানী ভাতা বিতরণ করা হয়। খতিব এবং ইমামগণকে ৪ হাজার করে এবং মোয়াজ্জিনগণকে ৩ হাজার করে নগদ টাকা দেওয়া হয়।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/কেএইচকে/এএসএম