ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিললো নারীর খণ্ডিত মরদেহ

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৬:০৪ পিএম, ১৪ মার্চ ২০২৬

গাজীপুরের শ্রীপুরে একটি বাড়ির পাশের ডোবা থেকে এক অজ্ঞাত পরিচয় নারীর তিন খণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকার নাজমুল হাসানের বাড়ির পাশের ডোবা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় ও বাড়ির মালিক সূত্রে জানা গেছে, সকাল থেকেই এলাকায় উৎকট দুর্গন্ধ ছড়িয়ে পড়ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুর্গন্ধের মাত্রা অসহনীয় হয়ে উঠলে বাড়ির ভাড়াটেরা দুর্গন্ধের উৎস খুঁজতে শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের ছোট একটি ডোবায় কচুরিপানার ভেতর মানুষের শরীরের খণ্ডিত অংশ ভাসতে দেখে বাড়ির মালিককে জানান তারা। পরে মালিক পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে নারীর দেহের তিনটি খণ্ড উদ্ধার করা হয়।

বাড়ির মালিক নাজমুল হাসান জানান, প্রায় ১০ বছর আগে ভাড়াটেদের ব্যবহারের পানি নিষ্কাশনের জন্য ডোবাটি তৈরি করা হয়েছিল। সেখানে এখন কচুরিপানা জমে রয়েছে।

দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিললো নারীর খণ্ডিত মরদেহ

স্থানীয়দের ধারণা, এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় অন্য কোথাও ওই নারীকে হত্যার পর মরদেহ গুম করার উদ্দেশ্যে শরীরের অংশগুলো এখানে ফেলে রাখা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্ত কাজ চলছে ও ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মো. আমিনুল ইসলাম/কেএইচকে/এমএস