ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

টিফিনের টাকায় শতাধিক শিশুকে নতুন পোশাক দিলো ‘লাল-সবুজ উন্নয়ন সংঘ’

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ১০:৪৫ এএম, ১৫ মার্চ ২০২৬

আর কয়েকদিন পরই ঈদ। ঈদ ঘিরে চারদিকে উৎসবের আমেজ। সেই আমেজে শামিল হয়েছে কুমিল্লা রেল স্টেশনের সুবিধাবঞ্চিত শিশুরাও। যাদের কাছে নতুন পোশাক ছিল স্বপ্ন। তাদের সেই স্বপ্ন পূরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’। টিফিনের টাকায় শতাধিক সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার তুলে দিয়েছেন সংগঠনটির সদস্যরা।

শনিবার (১৪ মার্চ) কুমিল্লা রেলস্টেশন এলাকায় নতুন পোশাক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।

ঈদের নতুন পোশাক পেয়ে উচ্ছ্বসিত পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আরাফাত জানায়, ছোট বয়সে মা-বাবা দুই জনকেই হারিয়েছে সে। দাদি দেখাশোনা করেন। দুই বেলা কোনোরকম খেয়ে মানুষের সহযোগিতায় লেখাপড়া চালিয়ে যাচ্ছে। নতুন পোশাক তার কাছে স্বপ্ন। তার ভাষ্য, ‘এবারই প্রথম নতুন জামায় ঈদ করবো। লাল সবুজ আমার মতো অনেকের স্বপ্ন পূরণ করেছে। তাদেরকে ধন্যবাদ।’

চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া বলে, নতুন জামা পেয়ে আমি খুব খুশি। লাল সবুজের ভাইয়ারা আমাকে বই-খাতা দেন। মা তাদের জন্য দেওয়া করেন।

টিফিনের টাকায় শতাধিক শিশুকে নতুন পোশাক দিলো ‘লাল-সবুজ উন্নয়ন সংঘ’

নতুন পোশাক বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের জেলা উপদেষ্টা হাবিবুর রহমান স্বপন, নারী উদ্যোক্তা ফৌজিয়া ইয়াসমিন, সাংবাদিক শাহজাদা এমরান, জাহিদ পাটোয়ারী, এইচ এম মহিউদ্দিন, সংগঠক সাকিল আহাম্মেদ, যোবায়ের হোসেন, সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. আশরাফ উদ্দিন নিলয়, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফরিদ ভূইয়া প্রমুখ।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল বলেন, সমাজের অনেক সুবিধাবঞ্চিত শিশু রয়েছে যারা ঈদের সময় নতুন পোশাক কিনতে পারে না। তাদের ঈদকে আনন্দময় ও রঙিন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। টিফিনের টাকা সঞ্চয় করে গত ১৫ বছর ধরে সংগঠনটি এ কর্মসূচি পরিচালনা করে আসছে। আমাদের এই ছোট উদ্যোগ সমাজের অন্যদেরও অনুপ্রাণিত করুক, এটাই আমাদের প্রত্যাশা। আজ কুমিল্লায় প্রায় শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের নতুন পোশাক দেওয়া হয়েছে। ঈদের আগ পর্যন্ত কুমিল্লায় মোট ৫০০ সুবিধাবঞ্চিত শিশুকে নতুন পোশাক দেওয়া হবে।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর শাখার সভাপতি মো. রাজু, সাধারণ সম্পাদক নাঈম, সাংগঠনিক সম্পাদক রিফাত, দেবিদ্বার শাখার সাধারণ সম্পাদক রাগীব মাহতাব, সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আনিস সরকার, কুমিল্লা মহানগর শাখার অর্থ সম্পাদক আকিব, প্রচার সম্পাদক সালমান সাজিল, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক আহমেদ রায়হান, শিক্ষা সম্পাদক হিমেল, সমাজকল্যাণ সম্পাদক অরিন্দম, পরিকল্পনা বিষয়ক সম্পাদক সিয়াম, ক্রীড়া সম্পাদক সামিউল, সদস্য তাসিন, ফারহান ও শাহাদাত প্রমুখ।

জাহিদ পাটোয়ারী/এমএন/জেআইএম