চাঁদা না দেওয়ায় হাতুড়িপেটা, ছাত্রদল নেতা গ্রেফতার
চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর কর্মচারীকে হাতুড়িপেটার অভিযোগে করা মামলায় বরিশালের উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির সরদারকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৪ মার্চ) রাতে উজিরপুর উপজেলার ধামুরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
এদিকে ঘটনার পরপরই ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনির সরদারকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।
গ্রেফতার মনির সরদার উপজেলার দক্ষিণ ধামুরা গ্রামের প্রয়াত হামেদ সরদারের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, বাদী মনিরুল ইসলাম একজন ড্রেজার ব্যবসায়ী। চুক্তিতে বালু ভরাটের কাজ করেন তিনি। উপজেলার শোলক ইউনিয়নে বালু ভরাটের জন্য তিনি পাইপ স্থাপন করেন। বালু সরবরাহের সময় ড্রেজার আনার পর ৪ জানুয়ারি মনির সরদারের নেতৃত্বে ৭ থেকে ৮ জন দেশি অস্ত্র নিয়ে মনিরুলের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। নিরুপায় হয়ে মনিরুল তিন দফায় তাদের এক লাখ টাকা চাঁদা দেন। বাকি এক লাখ টাকা নিতে ১৩ মার্চ দুপুরে দক্ষিণ ধামুরা গ্রামের রাঢ়ী বাড়ির সামনে যান আসামিরা। এসময় চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে ড্রেজারের মেকানিক আবু বক্কর হাওলাদারকে হাতুরি দিয়ে পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ব্যাপারে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রকিবুল ইসলাম বলেন, শুক্রবার রাতে ড্রেজার ব্যবসায়ী মনিরুল ইসলাম একটি মামলা করেন। এতে মনির সরদারকে প্রধান আসামি করা হয়। এই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
শাওন খান/এমএন/জেআইএম