অডিও ভাইরাল
‘এমপি সাহেবের থার্টি পার্সেন্ট’ ভিজিএফ কার্ড দাবি বিএনপি নেতার
ছবি: অভিযুক্ত বিএনপি নেতা শামসুজ্জামান সবুজ
লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলের নামে ঈদুল উপলক্ষে বরাদ্দকৃত ভিজিএফ চালের ৩০ শতাংশ দাবি করেছেন স্থানীয় এক বিএনপি নেতা। এ সংক্রান্ত একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ওই নেতার নাম শামসুজ্জামান সবুজ। তিনি কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক।
বৃহস্পতিবার ফেসবুকে ছড়িয়ে পড়া ওই কল রেকর্ডে মদাতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লবের কাছে চালের ভাগ চাইতে শোনা যায় বিএনপি নেতা সবুজকে। অডিওতে সবুজ ইউপি চেয়ারম্যানকে উদ্দেশ করে বলেন, ‘এমপি সাহেবের থার্টি পার্সেন্ট (৩০%) আপনি বুঝিয়ে দিয়েছেন?’
উত্তরে চেয়ারম্যান জানান, ‘তারা মিটিং করেছেন এবং ইউএনও প্রতিনিধি দেবেন।’
এরপর ক্ষুব্ধ কণ্ঠে সবুজকে বলতে শোনা যায়, ‘বিনা ভোটের এমপি যখন ছিল, তাদেরকে তো সুন্দরভাবে বুঝাইয়া দিছেন। আমরা কিন্তু বিনা ভোটে হই নাই। আমরা অতীত ভুলি নাই। আমাদের বরাদ্দ নিয়ে আপনি কীভাবে মিটিং করেন? ১০০৩টি টোকেন বুঝিয়ে দেবেন। সবুজকে চেনা লাগবে না।’
এছাড়া স্থানীয় আরেক বিএনপি নেতা বিধান চন্দ্র রায় ও ওই ইউপি চেয়ারম্যানের মধ্যে ভিজিএফ চাল সংক্রান্ত কথোপকথনের আরও একটি কল রেকর্ড ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া অডিও এবং চালের ভাগ-বাটোয়ারা প্রসঙ্গে মদাতি ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লবের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক গ্রাম পুলিশ সদস্য জানান, নাশকতার একটি মামলায় সম্প্রতি পুলিশের হাতে গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন চেয়ারম্যান বিপ্লব।
এদিকে অডিওর বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন অভিযুক্ত বিএনপি নেতা শামসুজ্জামান সবুজ। তিনি বলেন, ‘ফেসবুকে ছড়িয়ে পড়া কল রেকর্ডের কণ্ঠ আমার নয়। ওই চেয়ারম্যানের সঙ্গে আমার কোনো কথাই হয়নি। আমি দীর্ঘ ১৭ বছর জনগণের অধিকার আদায়ে আন্দোলন করেছি।’ এটিকে তার বিরুদ্ধে একটি মহলের গভীর ষড়যন্ত্র বলে দাবি করে তিনি সাংবাদিকদের এলাকার প্রকৃত অনিয়মের দিকে নজর দেওয়ার অনুরোধ জানান।
এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম বলেন, ‘এমপির নামে ভিজিএফ চালের ৩০ শতাংশ চাওয়ার বিষয়টি আমি শুনেছি। জেলা বিএনপির নেতৃবৃন্দও বিষয়টি অবগত আছেন। দল দ্রুতই এ বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে।’
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, ‘আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার আটটি ইউনিয়নে মোট ২২ হাজার ৮৬৪টি ভিজিএফ কার্ড বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা শাখা। এর মধ্যে মদাতী ইউনিয়নে বরাদ্দ দেওয়া হয়েছে ৩ হাজার ৩৪৫টি কার্ড।’
সার্বিক বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আক্তার জাহান বলেন, নিয়ম অনুযায়ী স্থানীয় সংসদ সদস্যকে ভিজিএফ চাল বিতরণের বিষয়টি অবহিত করতে হয়। তবে এখানে এমপির জন্য ৩০ শতাংশ কোটার কোনো বিধান বা নিয়ম নেই।
ভাইরাল হওয়া অডিও প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি আমরাও শুনেছি, এটি আমাদের জন্য অত্যন্ত বিব্রতকর।
মহসীন ইসলাম শাওন/এফএ/জেআইএম