ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সরকার জবাবদিহিতার মধ্যে থাকতে চায়: তথ্যমন্ত্রী

জেলা প্রতিনিধি | বরিশাল | প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ১৬ মার্চ ২০২৬

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম যত বেশি স্বাধীন থাকবে, দায়িত্বশীল থাকবে, সরকার তত বেশি জবাবদিহিতার মধ্যে থাকবে। আমাদের সরকার গণমাধ্যমের দায়িত্বশীল স্বাধীনতার মাধ্যমে জবাবদিহিতার মধ্যে থাকতে চায়। আমরা জনগণের কাছে যে ওয়াদা দিয়েছি, তা বাস্তবায়ন করতে চাই।

সোমবার (১৬ মার্চ) বেলা ১১টায় বরিশাল গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কুতুবপুর স্বনির্ভর খাল পুনঃখননের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‌‘সরকারের বয়স একমাস হয়নি। আমাদের ভোটারদের ভোটের কালির দাগ শুকায়নি এখনো। কিন্তু আমাদের দেওয়া পাঁচটি প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাস্তবায়ন করেছি। এরইমধ্যে ফ্যামিলি কার্ড বণ্টন করা হয়েছে, কৃষক কার্ড বণ্টনের প্রস্তুতি চলছে, কৃষিঋণ মওকুফ করা হয়েছে, ইমামদের ভাতা দেওয়ার কাজ শুরু হয়েছে, আজ খাল খননের উদ্বোধনের মধ্যদিয়ে খাল খনন কাজ শুরু হয়ে গেলো।’

কৃষি বিপ্লব ও জলাবদ্ধতা নিরসনে খাল খনন কর্মসূচি বর্তমান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ উল্লেখ করে তিনি বলেন, এই প্রকল্পের ফলে স্থানীয় কৃষকরা সেচ সুবিধা পাবেন। পানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হবে।

জেলা প্রশাসক খায়রুল আলম সুমনের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বরিশাল জেলার নবাগত পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান, বিএডিসি বরিশাল সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী চঞ্চল কুমার মিস্ত্রী, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, বিএডিসির উপসহকারী প্রকৌশলী সাহেদ আহম্মেদ চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএডিসির প্রকল্প পরিচালক সৈয়দ ওয়াহিদ মুরাদ, গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু ছালেহ মো. আনছার উদ্দিন, জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব সফিকুর রহমান শরীফ স্বপন।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির আওতায় প্রায় ৪৫ বছর আগে কৃষি উন্নয়নের লক্ষ্যে গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কুতুবপুর স্বনির্ভর খালটি খনন করা হয়েছিল। দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ায় খালটি তার কার্যকারিতা হারিয়ে ফেলে। ফলে শুষ্ক মৌসুমে খালের পাড়ে প্রায় এক হাজার হেক্টর জমিতে কোনো চাষাবাদ হতো না।

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কর্মসূচির আওতায় অবশেষে কুতুবপুর স্বনির্ভর খালের পুনঃখনন কাজ শুরু হলো।

শাওন খান/এসআর/এএসএম