ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভিজিএফের চালের বস্তায় শেখ হাসিনার নামে স্লোগান

জেলা প্রতিনিধি | নাটোর | প্রকাশিত: ০৮:৩১ পিএম, ১৬ মার্চ ২০২৬

নাটোরের নলডাঙ্গায় ভিজিএফের চালের বস্তায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম সম্বলিত স্লোগান লেখা নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে।

সোমবার (১৬ মার্চ) নলডাঙ্গা উপজেলা পরিষদ প্রাঙ্গণে ঈদ উপলক্ষে বিতরণের জন্য আসা ভিজিএফের চালের কয়েকটি বস্তায় এ স্লোগান দেখা যায়।

উপজেলা পরিষদ প্রাঙ্গণে নলডাঙ্গা পৌরসভার দুস্থ ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণের সময় বস্তাগুলোর ওপর ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ স্লোগানটি সবার নজরে আসে।

ঈদুল ফিতর উপলক্ষে সরকার থেকে অসহায় পরিবারের জন্য ১০ কেজি করে ভিজিএফের চাল বরাদ্দ দেওয়া হয়। চাল বিতরণের সময় কয়েকটি বস্তায় এই স্লোগানটি দেখা যায়।

এ ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি উজ্জ্বল হোসেন ও নলডাঙ্গা পৌর জাসাস কমিটির আহ্বায়ক শাহিন মোল্লা বলেন, শেখ হাসিনা পালিয়ে গেছে। চালের বস্তায় এখনো কেন তার স্লোগান থাকবে? বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

এ বিষয়ে নলডাঙ্গা পৌর নির্বাহী কর্মকতা ও সহকারী প্রকৌশলী মো. সাগর মন্ডল বলেন, খাদ্য গোডাউন থেকে বস্তাগুলো দেওয়া হয়েছে।

জানতে চাইলে জেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল হক বলেন, ‌‘এগুলো বিগত সরকারের সময় লোড করা। ভুলে বস্তাগুলো পরিবর্তন করা হয়নি।’

রেজাউল করিম রেজা/এসআর/এএসএম