দু-তিন দিনের মধ্যে ঢাকা ছাড়বে দেড়কোটি মানুষ: সড়কমন্ত্রী
বরিশালে গোমা সেতু উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী শেখ রবিউল
সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, ঈদ ঘিরে দুই থেকে তিন দিনের মধ্যে দেড় কোটি মানুষ ঢাকা ছাড়বে। তাদের যাত্রা স্বস্তিদায়ক করা বেশ চ্যালেঞ্জিং। প্রধানমন্ত্রীর নির্দেশে যে প্রস্তুতি নেওয়া হয়েছে, তাতে যাত্রীরা স্বাচ্ছন্দ্য-আরামদায়কভাবে স্বজনদের কাছে যাবেন।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় রাঙ্গামাটি নদীর ওপর নির্মিত গোমা সেতু উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
শেখ রবিউল আলম বলেন, ‘ঈদযাত্রায় মহাসড়কের যানজট হতে পারে—এমন ২০৭টি স্পটে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। পাশাপাশি হাইওয়ে ও ব্রিজেও মনিটরিং করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো জায়গায় যানজট হচ্ছে না, এটা সুসংবাদ। কয়েকটি জায়গায় ধীরগতি হলেও গাড়ি পার হয়ে যাচ্ছে। আশা করি, ঈদযাত্রায় স্বস্তি, নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যে মানুষ ঘরে ফিরবে।’
এসময় রেলপথ ও সড়ক পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, স্থানীয় সংসদ সদস্য আবুল হোসেন খান, বিভাগীয় কমিশনার মাহফুজুর রহমান, জেলা প্রশাসক খায়রুল আলম সুমন, পুলিশ সুপার এবং সড়ক ও জনপদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শাওন খান/এসআর/এমএস