ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কু‌ড়িগ্রামের আকাশে রহস্যময় সাদা-লাল রেখা, ‘মিসাইল’ আতঙ্কে স্থানীয়রা

জেলা প্রতিনিধি | কুড়িগ্রাম | প্রকাশিত: ১১:৩৪ এএম, ১৮ মার্চ ২০২৬

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী বালারহাট এলাকার আকাশে হঠাৎ রহস্যময় সাদা-লাল রেখা দেখা যাওয়ায় স্থানীয়দের মধ্যে কৌতূহল ও সাময়িক আতঙ্কের সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শীদের অনেকেই এটিকে ‘মিসাইল’, ‘রকেট সদৃশ্য বস্তু’ বলে ধারণা করলেও, বিষয়টি নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা-কল্পনা।

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে এমন দৃশ্য নজরে আসে স্থানীয়দের।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব দিক থেকে পশ্চিম আকাশ বরাবর দীর্ঘ সাদা ও লাল রঙের ধোঁয়াটে রেখার মতো একটি বস্তু ধীর গতিতে অগ্রসর হতে থাকে। যা প্রায় চার থেকে পাঁচ মিনিট পর্যন্ত দৃশ্যমান ছিল। পরে ঘটনাটি মুহূর্তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। এতে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন।

এ সময় উপস্থিত উৎসুক জনতা তাদের মোবাইল ফোনে দৃশ্যটি ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে বিষয়টি দ্রুত ভাইরাল হয়ে পড়ে।

বালারহাট বাজারের ওষুধ ব্যবসায়ী মামুন মিয়া ও ব্যবসায়ী আজাদ আলী জানান, ইফতারের পরপরই আকাশে হঠাৎ একটি লম্বা লাল-সাদা রেখা দেখা যায়, যা দেখতে অনেকটা মিসাইল বা রকেটের মতো মনে হচ্ছিল। কিছু সময়ের জন্য আমরা আতঙ্কিত হয়ে পড়ি।

একই বাজারের পান দোকানদার রফিকুল ইসলাম ও ব্যবসায়ী আমিনুল ইসলাম সাজু জানান, বস্তুটি পূর্ব দিক থেকে এসে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছিল এবং কয়েক মিনিট আকাশে স্পষ্টভাবে দেখা গেছে। এটি দেখতে মিসাইলের মতোই ছিল। আশপাশের অনেকেই এটি প্রত্যক্ষ করেছেন এবং কেউ কেউ ভিডিও ধারণ করেছেন।

ওই এলাকার শিক্ষক আব্দুল ম‌জিদ (বিএস‌সি) জানান, আকাশ একেবারেই পরিষ্কার ছিল। হঠাৎ করেই লাল-সাদা ধোঁয়ার মতো একটি দীর্ঘ রেখা দেখা দেয়। এটি অল্প সময়ের জন্য স্থায়ী হলেও দৃশ্যটি ছিল বেশ অদ্ভুত ও বিস্ময়কর। এটি দেখতে মানুষ রাস্তায় নেমে এসে ভিড় জমাতে শুরু করে।

রোকনুজ্জামান মানু/এনএইচআর/এমএস