ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মাংস সমিতিতে ভ্যানচালকের টাকা আত্মসাত বিএনপির দুই কর্মীর, পরে ফেরত

জেলা প্রতিনিধি | নওগাঁ | প্রকাশিত: ০৪:১৪ পিএম, ২০ মার্চ ২০২৬

নওগাঁর বদলগাছীতে মাংসের সমিতিতে জমানো এক ভ্যানচালকের পাঁচ হাজার টাকা আত্মসাতের পর পুলিশের মধ্যস্থতায় ফেরত দিয়েছেন বিএনপির দুই কর্মী।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে থানায় অভিযোগ করার পর ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) হস্তক্ষেপে ভুক্তভোগী ভ্যানচালকের টাকা ফেরত দেন অভিযুক্তরা।

অভিযুক্তরা হলেন উপজেলার মথুরাপুর ইউনিয়নের চাঁপাইনগর গ্রামের মৃত হারুন অর রশিদের ছেলে হিরা (৩৫) এবং একই গ্রামের মৃত বশির উদ্দিন সরদারের ছেলে তোফাজ্জল হোসেন (৬৫)। তারা বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপুর অনুসারী বলে নিশ্চিত করেছেন ভুক্তভোগী।

ভুক্তভোগী ও থানায় করা অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয়ভাবে গ্রামের ২৩ জন মিলে গড়ে তুলেছেন ‘মাংস সমিতি’। সেই সমিতিতে গত এক বছর ধরে প্রতি সপ্তাহে ১০০ টাকা করে পাঁচ হাজার টাকা জমা করেন ভ্যানচালক আব্দুল মোমিন। কথা ছিল জমা অর্থ দিয়ে ঈদের কয়েক দিন আগে গরু কেনা হবে। এরপর তা জবাই করে সদস্যদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে। কিন্তু নির্ধারিত সময়ে গরু কিনে জবাইয়ের পরও এক টুকরা মাংসও পাননি ভ্যানচালক মোমিন।

একপর্যায়ে বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ৯টার দিকে সমিতিতে জমা টাকা ফেরত চাইতে গেলে উল্টো মোমিনকে মারধরের হুমকি দেন ইউনিয়ন বিএনপি কর্মী হিরা ও তোফাজ্জল। পরে স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করে ব্যর্থ হলে বিকেলে স্থানীয় থানায় অভিযোগ করেন ভুক্তভোগী।

ভুক্তভোগী ভ্যানচালক আব্দুল মোমিন বলেন, ‌‘ঈদে পরিবারের সদস্যদের মুখে মাংস তুলে দেওয়ার আশায় সমিতিতে টাকা জমিয়েছিলাম। অথচ সেই টাকার পুরোটাই আত্মসাত করেন হিরা ও তোফাজ্জল। পরে থানার ওসি স্যারের সরাসরি হস্তক্ষেপে আমি আমার টাকা ফেরত পেয়েছি।’

নিজেকে উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য পরিচয় দিয়ে অভিযুক্ত তোফাজ্জল হোসেন জাগো নিউজকে বলেন, ‌‘মাংস সমিতির সঙ্গে আমার সম্পৃক্ততা নেই। পূর্ব শত্রুতার জেরে ভ্যানচালক আমার নামে অপপ্রচার করছেন। বিষয়টি সমাধানে আমাকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্দেশনা দিয়েছিলেন। সেই মোতাবেক হিরার কাছ থেকে টাকা উদ্ধার করে তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে।’

তবে জানতে যোগাযোগের চেষ্টা করেও অভিযুক্ত হিরার বক্তব্য পাওয়া যায়নি।

বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপুর বক্তব্য জানতে চাইলেও তিনি ফোন রিসিভ করেননি।

বদলগাছী থানার ওসি লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মানবিক দিক বিবেচনায় অভিযোগটি পাওয়ার পর গুরুত্ব সহকারে দেখা হয়েছে। পরে অভিযুক্তদের ভ্যানচালকের টাকা ফেরত দিতে বলা হয়। এর পরিপ্রেক্ষিতে টাকাটি দ্রুত ফেরত দেন তারা।’

আরমান হোসেন রুমন/এসআর/এএসএম