শপথ গ্রহণের পরই ইউপি চেয়ারম্যান গ্রেফতার
প্রতীকী ছবি
কুমিল্লায় শপথ গ্রহণের পরই নাজমুল হাসান ভূঁইয়া ওরফে বাছির নামে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে নগরীর ফৌজদারি মোড় এলাকা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় নাঙ্গলকোট থানা সদরের পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতার নাজমুল হাসান ভূঁইয়া জেলার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান।
এ বিষয়ে নাঙ্গলকোট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, নাজমুল হাসান ভূঁইয়ার বিরুদ্ধে নারী নির্যাতন ও দ্রুত বিচার আইনসহ চারটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। এছাড়া গত ২১ জুন নাঙ্গলকোটের ঢালুয়া বাজারে উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূঁইয়ার উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি তিনি।
ওসি আরো জানান, বাছির কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে শপথ গ্রহণ শেষে বেরিয়ে যাওয়ার পর গোপন সূত্রে খবর পেয়ে বেলা ২টার দিকে জেলা ডিবির উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম ও নাঙ্গলকোট থানা সদরের উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম নগরীর ফৌজদারি মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পরে নাঙ্গলকোট থানায় নিয়ে যাওয়া হয় তাকে।
কামাল উদ্দিন/এএম/এসএস/আরআইপি