ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পিকআপভ্যানের চাপায় প্রাণ গেলো মোটরসাইকেলের দুই আরোহীর

জেলা প্রতিনিধি | কিশোরগঞ্জ | প্রকাশিত: ০৫:৫২ পিএম, ২২ মার্চ ২০২৬

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পিকআপভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (২২ মার্চ) বিকেলে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কুলিয়ারচর উপজেলার দারিয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দারিয়াকান্দি এলাকার বিজয় (১৮) ও তার বন্ধু জাবির হোসেন (১৮)। আহত অপর যুবককে উদ্ধার করে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাইওয়ে পুলিশ জানায়, তিন যুবক একটি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা মুরগিবোঝাই একটি পিকআপভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বিজয় ও জাবির নিহত হন।

কুলিয়ারচর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ সুমন কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ততক্ষণে পিকআপটি পালিয়ে যায়। মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এসকে রাসেল/এসআর/এএসএম