গণভোট প্রসঙ্গে এমপি কামাল
একই মায়ের যমজ সন্তান, একজন বৈধ আরেকজন অবৈধ হয় কীভাবে
চাঁদপুরে এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন এমপি মুহাম্মাদ কামাল হোসাইন
বিএনপির সমালোচনা করে ঢাকা-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাম্মাদ কামাল হোসাইন বলেছেন, নির্বাচনের আগে আমরা দাবি করেছি, গণভোট আগে হবে, জাতীয় সংসদ নির্বাচন পরে হবে। কিন্তু আপনারা দুই ভোট একসঙ্গে হওয়ার জন্য প্রস্তাব দিয়ে এখন সংসদ নির্বাচনে ভোট মানেন আর গণভোট মানেন না। এট জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছুই নয়।
রোববার (২২ মার্চ) সকাল সাড়ে ১০টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ও পৌরসভা জামায়াত আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, ‘একই মায়ের যমজ সন্তান। এক সন্তান বৈধ আরেক সন্তান অবৈধ হয় কীভাবে জাতি জানতে চায়। জুলাই সনদ বাস্তবায়নের বিকল্প নেই। আপনারা যদি জুলাই সনদ নিয়ে টালবাহানা করেন, তাহলে জনগণ ভালো করেই জানে কীভাবে দাবি আদায় করতে হয়।’
শাহরাস্তি উপজেলা জামায়াতের আমির মোস্তফা কামালের সভাপতিত্বে ও পৌর আমির মাওলানা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল হোসাইন, নারায়ণগঞ্জ মহানগরীর সহকারী সেক্রেটারি জামাল হোসেন, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য সহকারী অধ্যাপক মো. শাহ আলম, ইব্রাহিম খলিল।
শরীফুল ইসলাম/এসআর/এএসএম