লুটপাট আর টাকা পাচারে ৭-৮টি ব্যাংক অচল অবস্থায় রয়েছে: মন্ত্রী
পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি
বিগত সরকারের লুটপাট আর টাকা পাচারের কারণে দেশের ৭-৮টি ব্যাংক অচল অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর জেলা পরিষদের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ মন্তব্য করেন। এ্যানি চৌধুরী লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক।
পানিসম্পদ মন্ত্রী বলেন, ‘লক্ষ্মীপুর জেলা পরিষদের ১৫ কোটি টাকা ইউনিয়ন ব্যাংকে আটকে আছে। ভাগ্যের নির্মম পরিহাস! যা আছে সে সম্পদটাও জব্ধ। শেষ পর্যন্ত তাও পাওয়া যাবে কি-না তা কঠিন ব্যাপার। শুধু একটা ব্যাংকেই আজকে এ অবস্থা নয়। বাংলাদেশে ৭-৮টি ব্যাংক আজকে অচল অবস্থায় রয়েছে শুধু লুটপাট আর টাকা পাচারের কারণে।’
তিনি বলেন, ‘একটা কঠিন সময়ে আমাদের দায়িত্ব নিতে হয়েছে। এই কঠিন সময় পার করাও কঠিন। এজন্য দরকার সবার আন্তরিকতা ও সহযোগিতা।’
বিগত সরকারের সময় সারাদেশে যেসব মেগা প্রজেক্ট হয়েছে তার সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘এই মেগা প্রজেক্টের বেনেফিশিয়ারি গ্রামের মানুষ না, আমরা সাধারণ মানুষও না। হয়তো এটা সাময়িক ক্ষেত্রে আপনার আমার বিশেষ প্রয়োজন হয়। এমন এমন মেগা প্রজেক্ট হয়েছে যা এ মুহূর্তে গত ১৭ বছর না করলেও চলতো।’
জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, রায়পুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ননী গোপাল ঘোষ, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি শংকর মজুমদার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুন নাহার প্রমুখ।
কাজল কায়েস/এসআর/এমএস