ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চুয়াডাঙ্গায় প্রাচীর নির্মাণ ঘিরে দুই পরিবারের সংঘর্ষ, নিহত ১

জেলা প্রতিনিধি | চুয়াডাঙ্গা | প্রকাশিত: ১১:৩০ এএম, ২৫ মার্চ ২০২৬

চুয়াডাঙ্গার দামুড়হুদায় পৈতৃক জমিতে প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় শহিদুল ইসলাম ঢালী (৫৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার মুক্তারপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শহিদুল ইসলাম ওই গ্রামের মাঝেরপাড়ার মওলা বক্স ঢালীর ছেলে। তিনি পেশায় বাবুর্চি ছিলেন। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৈতৃক জমিতে প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন শহিদুল ইসলামের ছোট ভাই শাহিন ইসলাম ঢালী প্রাচীর নির্মাণের কাজ শুরু করলে প্রতিপক্ষের কয়েকজন এতে বাধা দেন এবং প্রাচীর ভেঙে ফেলেন। পরে বিষয়টি মীমাংসার জন্য শহিদুল ইসলাম ঘটনাস্থলে গেলে উভয়পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় প্রতিপক্ষের হামলায় শহিদুল ইসলামের মাথায় বাঁশের আঘাত লাগে এবং তিনি গুরুতর আহত হন।

পরে গুরুতর আহত অবস্থায় শহিদুলকে প্রথমে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিনগত রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের স্বজন শাফায়েত সুজন জানান, হামলায় শিল্পী খাতুন ও আরবী খাতুন নামের আরও দুইজন আহত হয়েছেন। তারা বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য হাসান আলী বলেন, শরিকানা জমিতে প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন বলেন, এ ঘটনায় জড়িত দুইজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

হুসাইন মালিক/কেএইচকে/এএসএম