গাইবান্ধা
পুলিশের ওপর হামলা মামলায় জামায়াত নেতা গ্রেফতার
গ্রেফতার মিজানুর রহমান মিজান
গাইবান্ধার পলাশবাড়ী থানায় ঢুকে ওসিসহ আট পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে করা মামলায় মিজানুর রহমান মিজান (৩৪) নামের এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম খান।
এর আগে ভোরের দিকে থানা ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার গৃধারীপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার মিজানুর রহমান পলাশবাড়ী উপজেলা জামায়াতের পেশাজীবী বিভাগের বর্তমান সেক্রেটারি ও গৃধারীপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। তিনি পলাশবাড়ী পৌর জামায়াতের সাবেক আমির ও পলাশবাড়ী উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি।
পুলিশ জানায়, বুধবার (২৫ মার্চ) রাত ১০টার দিকে পলাশবাড়ী উপজেলা জামায়াতের যুব বিভাগের নেতাকর্মীরা একটি অভিযোগপত্র নিয়ে পলাশবাড়ী থানায় যান। এ বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে তারা ওসিকে চাপ দেন। এসময় ওসির সঙ্গে প্রথমে কথা-কাটাকাটি এবং পরে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। এতে থানার ওসিসহ আট পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা করে।
পলাশবাড়ী থানার ওসি সরোয়ার আলম খান বলেন, এ মামলায় দুই আসামিকে গ্রেফতার করা হলো। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
আনোয়ার আল শামীম/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জুলাই বিপ্লবে পুলিশসহ সব হত্যাকাণ্ডের আইন অনুযায়ী ব্যবস্থা: আইজিপি
- ২ ‘তেল নেই’ ব্যানার ঝুলানো ফিলিং স্টেশনে মিললো ৯ হাজার লিটার তেল
- ৩ নাব্য সংকটে বন্ধ নৌচলাচল, মাইলের পর মাইল হেঁটে বালুচর পাড়ি
- ৪ এক হোটেলে দুই দিনে সারাবছরের বিক্রি
- ৫ বাড়িতে ডেকে নিয়ে বিএনপির ৬ সমর্থককে কুপিয়ে জখম করলেন ছাত্রলীগ নেতা