ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

টুঙ্গিপাড়ায় জঙ্গি সন্দেহে দুই যুবক আটক

প্রকাশিত: ০৫:৩৯ পিএম, ১৪ জুলাই ২০১৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জঙ্গি সন্দেহে দুই যুবককে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে মোবাইল ফোনের  দুইটি মেমোরি কার্ড উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার উত্তর বাঁশবাড়ীয়ার নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, টুঙ্গিপাড়া উপজেলার উত্তর বাঁশবাড়ীয়া গ্রামের আবু দাউদ শেখের ছেলে বায়োজিদ হুসাইন (২২) ও মোহাম্মদ আলী মিয়ার ছেলে কদর শেখ (১৭)।

কদর শেখ কোটালীপাড়ার কুরপালা মাদরাসা ও বায়োজিদ টু্ঙ্গিপাড়ার বাঁশবাড়ীয়া এলাকায় এক কওমি মাদরাসায় লেখাপড়া করেন। বেশ কিছুদিন ধরে তারা মাদরাসায় যাওয়া বন্ধ করে দিয়েছেন।

গোপালগঞ্জ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) আমিনুল ইসলাম জানান, ওই দুই যুবকের কাছে এমন কিছু ভিডিও চিত্র রয়েছে, যা জঙ্গি কার্যক্রমকে উস্কে দিতে পারে। এলাকাবাসীর এমন অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।

টুঙ্গিপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হক জানান, আটকদের জিজ্ঞাসাবাদ চলছে।

প্রসঙ্গত, গত সোমবার কোটালীপাড়া থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষ নেতা মুফতি হান্নানের ছোট ভাই মতিন মুন্সিকে আটক করেছে পুলিশ।

এস এম হুমায়ূন কবীর/এএম/বিএ