ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফিলিং স্টেশনে হাতাহাতি থামাতে গিয়ে পুলিশ সদস্য আহত

জেলা প্রতিনিধি | মেহেরপুর | প্রকাশিত: ১১:৫০ এএম, ২৯ মার্চ ২০২৬

মেহেরপুরের গাংনী ফিলিং স্টেশনে জ্বালানি তেল নেওয়াকে কেন্দ্র করে মোটরসাইকেল চালক ও ফিলিং স্টেশন কর্মচারীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এসময় হাতাহাতির মাঝে পড়ে গোপাল চন্দ্র নামে পুলিশের এক কনস্টেবল আহত হয়েছেন।

শনিবার (২৮ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে। আহত কনস্টেবলকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গাংনী ফিলিং স্টেশনে মোটরসাইকেল প্রতি ৫০০ টাকার নির্ধারিত সীমায় জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছিলো। কিছু মোটরসাইকেল চালক অতিরিক্ত জ্বালানি নিতে চাইলে ফিলিং স্টেশনে কর্মচারীদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি পর্যায়ে গড়ায়। পরিস্থিতি স্বাভাবিক করতে এগিয়ে আসেন সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা। এসময় উভয় পক্ষের মধ্যে পড়ে মারধরের শিকার হন পুলিশ কনস্টেবল গোপাল চন্দ্র। তাকে মারধর করে তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।

ফিলিং স্টেশনে হাতাহাতি থামাতে গিয়ে পুলিশ সদস্য আহত

এদিকে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আহত গোপাল চন্দ্রকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

গাংনী থানার পরিদর্শক (তদন্ত) আল মামুন জানান, বিষয়টির তদন্ত চলছে, হামলাকারীদের পরিচয় শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আসিফ ইকবাল/এমএন/জেআইএম