মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জমি খারিজের চেষ্টা
সাভার উপজেলা ভূমি অফিসে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে নামজারি (খারিজ) করতে এসে ধরা পড়া একজনকে জেলহাজতে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সাভার উপজেলা ভূমি অফিসে সাভারের সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল আমিন এ আদেশ দেন।
জালিয়াতির অপরাধে ভ্রাম্যমাণ আদালত আশরাফ উদ্দিন নামের ওই ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।
আটক আশরাফ উদ্দিন (৫৩) সাভারের ভাকুর্তা ইউনিয়নের খাগুড়িয়া এলাকার মৃত আফসার উদ্দিনের ছেলে।
সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল আমিন বলেন, মিসকেস শুনানির সময় মৃত ব্যক্তিকে জীবিত ও জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে নামজারি করার চেষ্টা করে একটি চক্র। চক্রটির একজন আশরাফ উদ্দিন। তিনি একাধিক মামলা করেছেন। সাভার উপজেলা ভূমি অফিসে একটি জমির নামজারি আবেদনের শুনানি চলাকালে বিষয়টি সন্দেহ হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে এরকম কর্মকাণ্ডের কথা তিনি স্বীকার করেন।
তিনি আরও বলেন, এসময় ওই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়াও একটি নিয়মিত মামলা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যাতে এই চক্রে কারা কারা জড়িত রয়েছে, তা বের করা সম্ভব হয়।
তবে আটক আশরাফ উদ্দিন জানান, তিনি একা নন, এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে ভূমি অফিসের কতিপয় লোকজনও জড়িত রয়েছে। তবে তাদের নাম তিনি প্রকাশ করেননি। পরে সাজাপ্রাপ্ত ব্যক্তিকে বিকেলেই পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মাহফুজুর রহমান নিপু/এমএন/এএসএম