ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চুরির অভিযোগে দুই যুবককে বেঁধে ইলেকট্রিক শক, ভিডিও ভাইরাল

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৮:৫৪ পিএম, ৩১ মার্চ ২০২৬

কুমিল্লায় চুরির অভিযোগে দুই যুবককে বেঁধে ইলেকট্রিক শক দিয়ে নির্যাতন করা হয়েছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের মনশাসন এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার (৩১ মার্চ) নির্যাতনের ভিডিওটি ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।

ভুক্তভোগীরা হলেন সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের মনশাসন গ্রামের জহিরের ছেলে মো. নাঈম (২৬) এবং তার সহযোগী (নাম জানা যায়নি)। তবে তিনি নগরীর শাসনগাছা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মনশাসন এলাকার বিভিন্ন বাসাবাড়িতে চুরির ঘটনা ঘটছিল। বাদ যায়নি স্থানীয় জামে মসজিদও। একই গ্রামের নাঈম ও তার সহযোগীদের দিকে সন্দেহ ছিল এলাকাবাসীর। শুক্রবার (২৭ মার্চ) ভোরে মনশাসন জামে মসজিদ থেকে মাইকের ব্যাটারি চুরির সময় নাঈম ও তার এক সহযোগীকে আটক করা হয়। এসময় তাদের বেঁধে মারধর করা হয়।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, রশি দিয়ে দুই যুবককে বেঁধে মারধরসহ ইলেকট্রিক শক দিয়ে তাদের নির্যাতন করা হচ্ছে। এসময় তাদের বাঁচার জন্য চিৎকার করতে দেখা যায়। নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার পর সন্ধ্যায় ঘটনাস্থলে যায় পুলিশ।

এ বিষয়ে ময়নামতি ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফারুক হোসেন বলেন, ভাইরাল ভিডিও ফুটেজের সূত্র ধরে সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করা হয়। নির্যাতনের শিকার নাঈম দীর্ঘদিন ধরে এলকায় সবজি থেকে শুরু করে মানুষের ঘরবাড়ির জিনিসপত্র চুরি করার অভিযোগ পাওয়া যায়। শুক্রবার সকালে তিনি ও তার এক সহযোগী স্থানীয় মসজিদে ঢুকে মাইকের ব্যাটারি চুরির সময় তাদের আটক করে নির্যাতন করা হয়।

তিনি আরও বলেন, স্থানীয়রা সহযোগীর নাম-পরিচয় জানাতে পারেননি। বর্তমানে নির্যাতনের শিকার দুই যুবক আত্মগোপনে থাকায় তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জাহিদ পাটোয়ারী/এসআর/এএসএম