ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করা নিয়ে দুই বংশের সংঘর্ষে আহত ১৫

উপজেলা প্রতিনিধি | ভৈরব (কিশোরগঞ্জ) | প্রকাশিত: ০৯:২৫ পিএম, ৩১ মার্চ ২০২৬

কিশোরগঞ্জের ভৈরবে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার জেরে দুই বংশের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের চরেরকান্দা এলাকায় হাজারি বাড়ি ও পাগলা বাড়ির লোকজনের মধ্যে এ সংঘর্ষ চলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৯ মার্চ) বিকেলে হাজারি বাড়ির ইকবাল মিয়া ও মুসা মিয়ার দুই মেয়ে বাড়ির সামনে পেয়ারা খেতে গেলে পাগলা বাড়ির সুবাহান মিয়ার ছেলে শিপন ও তার সহযোগীরা তাদের উত্ত্যক্ত করেন। বখাটেরা তাদের কাছে মোবাইল নম্বর চান এবং কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এসময় মেয়ে দুটি চলে আসার চেষ্টা করলে শিপন একজনের ওড়না টেনে ধরেন। সহযোগীরা অন্যজনের হাত ধরার চেষ্টা করেন।

পরে ভুক্তভোগীরা বিষয়টি শিপনের পরিবারকে জানিয়ে বিচার দাবি করে। এ নিয়ে সোমবার (৩০ মার্চ) স্থানীয়ভাবে সালিশি বৈঠক হওয়ার কথা থাকলেও তা সম্পন্ন হয়নি। মঙ্গলবার দুপুরে ভুক্তভোগীদের একজনের চাচা মুসা মিয়া বাজার থেকে রিকশাযোগে বাড়ি ফেরার পথে পাগলা বাড়ির লোকজন তাকে গতিরোধ করে মারধর শুরু করেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে হাজারি বাড়ি ও পাগলা বাড়ির লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

স্কুলছাত্রীকে উত্ত্যক্তকে কেন্দ্র করে দুই বংশের সংঘর্ষে আহত ১৫

সংঘর্ষে গুরুতর আহতদের মধ্যে একজনকে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নেন।

হাজারি বাড়ির পক্ষ ও ভুক্তভোগীর চাচা মুসা মিয়া বলেন, ‌‘আমরা বিচারের দাবি জানালে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা অন্যায়ভাবে আমাকে রিকশা থেকে নামিয়ে মারধর করায় এ সংঘর্ষের সৃষ্টি হয়েছে।’

পাগলা বাড়ির সোবহান মিয়া বলেন, ঘটনাটি মীমাংসার জন্য আজ সালিশ হওয়ার কথা ছিল। সকালে বিষয়টি নিয়ে কথা-কাটাকাটির জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে আমাদের বাড়ির অন্তত ১০ জন আহত হয়েছেন।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রাজীবুল হাসান/এসআর/এএসএম