ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কানাডা যাওয়ার টাকা ফেরত চাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ১০:৪৫ এএম, ০১ এপ্রিল ২০২৬

ফরিদপুরের ভাঙ্গায় বিদেশে যাওয়ার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তুজারপুর গ্রামে এই সংঘর্ষে উভয় পক্ষের।

আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, তুজারপুর গ্রামের রফিক মাতুব্বরের ছেলে ওবায়দুর মাতুব্বর কানাডা যাওয়ার উদ্দেশ্যে নুরুউদ্দিন মাতুব্বরের ছেলে বাকি মাতুব্বরকে বড় অঙ্কের টাকা দেন। দীর্ঘদিন অতিবাহিত হলেও বাকি মাতুব্বর তাকে বিদেশে পাঠাতে ব্যর্থ হন এবং টাকা ফেরত না দিয়ে ঘোরাতে থাকেন। মঙ্গলবার রাতে ওবায়দুর পাওনা টাকা ফেরত চাইলে বাকির সঙ্গে তার প্রচণ্ড কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতি থেকে উভয় পক্ষের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়ে।

ঘটনার খবর পেয়ে দুই পক্ষের সমর্থকরা রামদা, কাতরা, ট্যাটা ও ইট-পাটকেলসহ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, উপজেলা তুজারপুর গ্রামে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। সংঘর্ষে কয়েকজন লোক আহত হয়েছে। এ বিষয়ে এখনো পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেন নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এন কে বি নয়ন/কেএইচকে/জেআইএম