ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পরিবেশ প্রতিমন্ত্রী

সুন্দরবনে মৌয়ালদের ঝুঁকিমুক্ত মধু সংগ্রহের বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০৫:০৩ পিএম, ০১ এপ্রিল ২০২৬

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, সুন্দরবন আমাদের জাতীয় সম্পদ। এই বন রক্ষা করা যেমন জরুরি, তেমনি এর ওপর নির্ভরশীল মানুষের জীবন-জীবিকাও নিরাপদ রাখা আমাদের দায়িত্ব। মৌয়ালরা যেন ঝুঁকিমুক্তভাবে মধু সংগ্রহ করতে পারেন, সে বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

বুধবার (১ এপ্রিল) সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনে সুন্দরবনে চলতি বছরের মধু আহরণ মৌসুমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

এর আগে সকাল সাড়ে ১১টায় খুলনা থেকে স্পিডবোটযোগে তিনি সাতক্ষীরা সুন্দরবন সংলগ্ন বুড়িগোয়ালিনী ফরেস্ট ঘাটে পৌঁছান। এসময় বন বিভাগ, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা তাকে স্বাগত জানান।

উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী মৌয়ালদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন। এসময় মৌয়ালরা তাদের নানা সমস্যা, বিশেষ করে বাঘের আক্রমণ, বনদস্যুদের ভয় ও নিরাপত্তা সংকটের বিষয় তুলে ধরেন। প্রতিমন্ত্রী তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন ও এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

সুন্দরবনে মৌয়ালদের ঝুঁকিমুক্ত মধু সংগ্রহের বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে

তিনি বলেন, সুন্দরবনে মৌয়াল, বাওয়ালি ও জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনীর টহল জোরদার করা হবে। বনদস্যুদের বিরুদ্ধে চলমান অভিযান আরও বেগবান করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

পরে প্রতিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে বনদস্যুদের বিরুদ্ধে অভিযান কার্যক্রমের সূচনা করেন। সংশ্লিষ্টরা জানান, সুন্দরবনে নিরাপত্তা জোরদারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দিনের শেষভাগে বিকাল সাড়ে ৩টায় তিনি সাতক্ষীরা সদর উপজেলার কুমড়ো খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন। এই খাল খননের মাধ্যমে স্থানীয় জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

আহসানুর রহমান রাজীব/এমএন/এএসএম