ফিলিং স্টেশনে পেট্রোলের সঙ্গে ডিজেল মিশিয়ে বিক্রি, তদন্তে কমিটি
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেলে ভেজালের অভিযোগ উঠেছে। বুধবার (১ এপ্রিল) সকালে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের মাইজহাটি এলাকার বৈশাখী ফিলিং স্টেশনের বিরুদ্ধে পেট্রোলের সঙ্গে ডিজেল মিশিয়ে বিক্রির অভিযোগ করেন ভোক্তারা।
জানা যায়, ভেজাল জ্বালানি নেওয়ার পর অনেক মোটরসাইকেল চলন্ত অবস্থায় বন্ধ হয়ে যায়। এতে ক্ষুব্ধ চালকরা ফিলিং স্টেশনের সামনে গিয়ে প্রতিবাদ জানান। একপর্যায়ে ফিলিং স্টেশনটি বন্ধ করে কর্তৃপক্ষ সেখান থেকে সরে যায়।
ঘটনার পরপরই উপজেলা প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্তের উদ্যোগ নেয়। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপন দাসের স্বাক্ষরিত এক আদেশে অভিযোগ তদন্তে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, কমিটিতে উপজেলা কৃষি অফিসার নুর-ই-আলম, উপজেলা প্রকৌশলী মুহাম্মদ শফিউল্লাহ খন্দকার ও বিএসটিআই নরসিংদী আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রোলজি) মো. কামরুল পলাশকে সদস্য করা হয়েছে। এছাড়া তদন্ত কার্যক্রম সমন্বয়ের জন্য উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি অফিসার শামিমা পারভীনকে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
ইউএনও রূপন দাস বলেন, অভিযোগ পাওয়ার পর দ্রুত তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে জরুরি ভিত্তিতে তদন্ত সম্পন্ন করে দ্রুত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
এসকে রাসেল/এমএন/এএসএম