সিলেটে পাম্প মালিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার
সিলেটে প্রশাসনের সঙ্গে বৈঠকের পর বিভাগের সব পেট্রোল পাম্প ও সিএনজি রিফুয়েলিং স্টেশনে চলমান অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছেন মালিক ও শ্রমিকরা।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরদুইটায় প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান বাংলাদেশ পেট্রোলিয়ামে ডিলারস ডিস্ট্রিবিউশন এজেন্টস অ্যান্ড পেট্রোলিয়ামে ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ূন আহমেদ।
তিনি বলেন, প্রশাসনের সঙ্গে বৈঠকের পর ব্যবসায়ীদের হয়রানি না করার আশ্বাসে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। এ মুহূর্ত থেকে সিলেটের সব পাম্প ও সিএনজি রিফুয়েলিং স্টেশনে তেল ও গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।
এর আগে সকাল সাড়ে ১১টার দিকে উদ্ভূত পরিস্থিতি নিয়ে প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেন পাম্প মালিকরা। সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে জ্বালানি তেল ব্যবস্থাপনাসংক্রান্ত মতবিনিময় সভায় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ পাম্প সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে পাম্পে ‘অযৌক্তিক’ জরিমানা ও নানাভাবে হয়রানির অভিযোগে বুধবার (১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সিলেট বিভাগের সব ধরনের পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
এ ঘোষণার পর থেকে সিলেট বিভাগের সব পাম্পে গ্যাস-তেল সরবরাহ বন্ধ রাখেন ব্যবসায়ীরা। এতে চরম দুর্ভোগে পড়েন যানবাহন চালক ও মোটরসাইকেল আরোহীরা।
গ্যাস না পাওয়ায় যানবাহন চলাচলও অনেকটা সীমিত হয়ে যায়। বিশেষ করে সিএনজিচালিত অটোরিকশার চলাচল কিছুটা কমে যায়। যার প্রভাব পড়ে সাধারণ যাত্রীদের মধ্যে।
আহমেদ জামিল/আরএইচ/এএসএম