সোনারগাঁয়ে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ৭
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাঁচানী শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, এলাকার নিয়ন্ত্রণ ও পূর্ব শত্রুতার জের ধরে রাসেল ও আব্দুল হামিদ গ্রুপের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এরই জেরে সকালে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে উভয়পক্ষ একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালীন পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এসময় বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুরের খবর পাওয়া গেছে। পরে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ জাগো নিউজকে জানান, খবর পাওয়ার সঙ্গে আমি ঘটনাস্থল গিয়েছি। এরপর থেকে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। আহতের সংখ্যা আমার জানা নেই। এ ঘটনায় এখনো অভিযোগ আসেনি কোনো পক্ষের থেকে।
মো. আকাশ/আরএইচ/এএসএম