ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পাটগ্রাম সীমান্তে ঘাস কাটতে যাওয়া যুবককে বিএসএফের গুলি

জেলা প্রতিনিধি | লালমনিরহাট | প্রকাশিত: ০২:৩৬ পিএম, ০৬ এপ্রিল ২০২৬

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মো. মিজানুর রহমান নামে এক বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (৬ এপ্রিল) সকালে ঘাস কাটতে গেলে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

আহত মিজানুর রহমান পাটগ্রাম উপজেলার রহমতপুর গাটিয়ার ভিটা গ্রামের মো. মফিজুল ইসলামের ছেলে।

স্থানীয় ও সীমান্ত সূত্রে জানা যায়, সোমবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে ৬১ বিজিবির তিস্তা ব্যাটালিয়নের অধীন ধবলসুতি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৮২৬/১-এস সংলগ্ন এলাকায় মিজানুর রহমান ঘাস কাটতে যান। একপর্যায়ে তিনি শূন্যরেখা অতিক্রম করে ভারতের প্রায় ১০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন। এসময় ভারতীয় ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের গোমতী ক্যাম্পের একটি টহল দল তাকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে।

গুলিটি মিজানুরের কাঁধে বিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় তিনি দ্রুত দৌড়ে বাংলাদেশের অভ্যন্তরে ফিরে আসেন। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠান।

এদিকে ঘটনার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। এলাকাবাসী এক ভারতীয় নাগরিককে আটক করে পরে পরিস্থিতি বিবেচনায় তাকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কাছে হস্তান্তর করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, এক যুবক ঘাস কাটতে গিয়ে সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় গেলে এ ঘটনা ঘটে।

বর্তমানে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা নিরীহ কৃষকের ওপর গুলিবর্ষণের তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

এ বিষয়ে ৬১ বিজিবির তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনিম বলেন, বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি যুবক আহত হওয়ার ঘটনা নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় দুই দেশের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

মহসীন ইসলাম শাওন/এফএ/এএসএম