ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ময়মনসিংহে শিক্ষামন্ত্রীর অনুষ্ঠান বর্জন করলেন সাংবাদিকরা

জেলা প্রতিনিধি | ময়মনসিংহ | প্রকাশিত: ০৪:৩৫ পিএম, ০৬ এপ্রিল ২০২৬

ময়মনসিংহে আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষার কেন্দ্র সচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভায় অশোভন আচরণের অভিযোগে অনুষ্ঠান বর্জন করেছেন গণমাধ্যমকর্মীরা।

সোমবার (৬ এপ্রিল) বেলা ১২টার দিকে নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে।

উপস্থিত সাংবাদিকরা জানান, শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভার সংবাদ সংগ্রহের জন্য ক্যামেরা ও সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন প্রবেশ করেন এবং বলেন ‘সাংবাদিকদের থাকার দরকার নেই, আপনারা চলে যান। সার্কিট হাউজের ডাকবাংলোতে সাংবাদিকদের সঙ্গে কথা বলবো। শিক্ষামন্ত্রীর এ কথা বলার পরই উপস্থিত বেশ কয়েকজন শিক্ষক সাংবাদিকদের জোর করে ও ধাক্কা দিয়ে অডিটোরিয়াম থেকে বের করে দেন। কেউ কেউ ‘ঘুসি’ মারতেও উদ্যত হন। এমতাবস্থায় শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বর্জন করেন সাংবাদিকরা।

ময়মনসিংহে শিক্ষামন্ত্রীর অনুষ্ঠান বর্জন করলেন সাংবাদিকরা

এখন টিভির ময়মনসিংহ ব্যুরো প্রধান হারুনুর রশিদ বলেন, আমরা শিক্ষামন্ত্রীর অনুষ্ঠান কাভারেজ করার দাওয়াত পেয়েই গিয়েছিলাম। অথচ শিক্ষামন্ত্রী অশোভন আচরণ করেন। এসময় শিক্ষকরাও অশোভন আচরণসহ মারমুখী আচরণ করলে সাংবাদিকরা অনুষ্ঠান বর্জন করেন। যারা মারমুখী আচরণ করেছে, তাদেরকে শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।

ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষ্যে ময়মনসিংহ শিক্ষাবোর্ড এবং ময়মনসিংহ অঞ্চলের মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নিজে সাংবাদিকদের তাড়িয়ে দেন। শিক্ষকরা মারমুখী আচরণ করেন। সাংবাদিকদের সঙ্গে এমন আচরণ আমরা প্রত্যাশা করিনি। এমন ঘটনা আমাদের জন্য লজ্জাজনক।

তিনি বলেন, শিক্ষামন্ত্রীর এমন আচরণ যদি ধারাবাহিকভাবে চলতে থাকে, তাহলে আমি মনে করি- সারাদেশের সাংবাদিকরাই তার সব অনুষ্ঠান বর্জন করবে।

কামরুজ্জামান মিন্টু/কেএইচকে/এমএস