পিরোজপুর
তিন জেলের জালে ধরা পড়লো ৪০ লাখ টাকার লাক্ষা মাছ
বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া পিরোজপুরের তিন জেলের জালে ১৮০ পিস লাক্ষা মাছ ধরা পড়েছে। এসব মাছ জেলার পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্রে প্রায় ৪০ লাখ টাকায় বিক্রি হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত তিন ধাপে ওই মাছগুলো বিক্রি হয়।
মৎস্য কেন্দ্র সূত্রে জানা গেছে, মৎস্য কেন্দ্র সূত্রে জানা গেছে, পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাদুড়া গ্রামের জেলে আবুল আকন ৬৬ পিস, জিয়ানগর উপজেলার পূর্ব চরবলেশ্বর গ্রামের দুলাল ফকির ৫০ পিস এবং একই এলাকার কালাম খান ৬৩ পিস লাক্ষা মাছ নিয়ে ঘাটে ফেরেন। পরে স্থানীয় মৎস্য ব্যবসায়ী জাকির হোসেন এই মাছগুলোর ক্রয় করেন।
ফিশিং বোট তিনটির মধ্যে দুটি বোটের মাছ ইতোমধ্যে ২২ লাখ টাকায় বিক্রি হয়েছে এবং বাকি একটি বোটের মাছ ১৩ থেকে ১৫ লাখ টাকায় বিক্রি হবে বলে আশা করা হচ্ছে।

ব্যবসায়ীরা জানান, একেকটি লাক্ষা মাছের ওজন ১০ থেকে ২২ কেজি পর্যন্ত। বিরল ও সুস্বাদু এই সামুদ্রিক মাছের ব্যাপক চাহিদা রয়েছে চট্টগ্রাম ও কক্সবাজারের ফিশারিঘাটগুলোতে। সেখান থেকেই এই মাছগুলো সরবরাহ করা হবে।
দীর্ঘদিন সাগরে মাছ ধরার অবরোধ থাকার পর এমন বড় চালান পেয়ে খুশি জেলেরা। তারা জানান, ঝুঁকি নিয়ে সাগরে যাওয়ার পর এই প্রাপ্তি তাদের অভাবের সংসারে আশার আলো দেখাচ্ছে। অনেকদিন পর পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্রে এমন বড় আকারের লাক্ষা মাছের দেখা পেয়ে মৎস্যজীবী, ব্যবসায়ী ও বোট মালিকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
মো. তরিকুল ইসলাম/কেএইচকে/এমএস