রাজশাহীতে সার্টিফিকেট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেফতার
রাজশাহীতে সার্টিফিকেট জালিয়াতি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৫। মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বোয়ালিয়া থানার কুমারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
বুধবার সকালে র্যাব-৫ এর সিপিএসসি কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজমুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেফতাররা হলেন, অভিজিৎ মন্ডল (২৭) ও রায়হান আউয়াল (২১)।
র্যাব জানায়, আটক অভিজিৎ ও রায়হান দীর্ঘদিন ধরে সহযোগী আব্দুল বাছিত রিয়ানের সঙ্গে মিলে দেশের বিভিন্ন স্থান থেকে অনলাইনে নকল মার্কশিট ও সার্টিফিকেট তৈরির অর্ডার সংগ্রহ করে তা প্রস্তুত ও সরবরাহ করে আসছিলেন।
এসময় জালিয়াতির কাজে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ও বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এ ঘটনায় রাজশাহীর বোয়ালিয়া থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানায় র্যাব।
এফএ/এমএস