নৈশপ্রহরীর বাড়িতে ডাকাতি, বাধা দেওয়ায় গৃহকর্ত্রীকে হত্যা
গাজীপুরে একটি বাড়িতে ডাকাতির সময় গৃহকর্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতরা।
মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাতে গাজীপুর সদর উপজেলার পিরুজালী এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে।
নিহত আসমা আক্তার (৫৫) ওই এলাকার আনিসুর রহমানের স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পিরুজালী মধ্যপাড়া এলাকার বাসিন্দা অনিসুর রহমান গাজীপুরে একটি প্রতিষ্ঠানে ও তার ছেলে নাজমূল সাকিব পিরুজালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে নৈশপ্রহরীর চাকরি করেন। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে একদল ডাকাত বাড়িতে প্রবেশ করে। এসময় ডাকাত দল আনিসুর রহমানের পুত্রবধূ আরিফা আক্তারকে হাত-পা বেঁধে রাখে। ডাকাতদের বাধা দিলে শাশুড়ি আসমা আক্তারের গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে ডাকাতদল ঘর থেকে নগদ ৩ লাখ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
সকালে খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। আহত আরিফা আক্তারকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পিরুজালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন জানান, মধ্যরাতে নৈশপ্রহরী বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুনেছি ডাকাতদের বাধা দেওয়ায় এক নারীকে শ্বাসরোধ করে হত্যা করেছে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কর জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এটি ডাকাতি নাকি অন্য কোনো ঘটনা, সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।
আমিনুল ইসলাম/এফএ/এমএস