ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বগুড়া উপনির্বাচন

কড়া নিরাপত্তায় কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম, নজরদারি চলবে সিসিটিভিতে

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৩:৪০ পিএম, ০৮ এপ্রিল ২০২৬

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পাঠানোর কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) অনুষ্ঠাতব্য এই নির্বাচনকে ঘিরে জেলাজুড়ে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিতে এবার সবকটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সকালে বগুড়া সেন্ট্রাল হাইস্কুল মাঠ থেকে প্রিজাইডিং কর্মকর্তারা এসব নির্বাচনি মালামাল সংগ্রহ করেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সদর আসনের মোট ১৫০টি কেন্দ্রে নির্বাচনি সামগ্রী পাঠানো হচ্ছে। এর মধ্যে পৌরসভা এলাকায় ৮৬টি এবং ১১টি ইউনিয়নে ৬৪টি কেন্দ্রকে ভোটগ্রহণের জন্য প্রস্তুত করা হয়েছে।

কড়া নিরাপত্তায় কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম, নজরদারি চলবে সিসিটিভিতে

এবারের নির্বাচনে বাড়তি সতর্কতার অংশ হিসেবে সবকটি কেন্দ্রেই প্রযুক্তিগত নজরদারির ব্যবস্থা করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফজলুল করিম বলেন, সকাল থেকেই আমরা ব্যালট পেপারসহ সব ধরনের সামগ্রী বিতরণ শুরু করেছি। এবার বিশেষ পদক্ষেপ হিসেবে বগুড়া সদরের প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

এদিকে ভোটকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। রিটার্নিং কর্মকর্তা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের মোবাইল টিম কাজ করছে। পাশাপাশি সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এখন পর্যন্ত জেলার সার্বিক পরিস্থিতি সন্তোষজনক বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এল.বি/কেএইচকে/এমএস