শেরপুর-৩: নারী ভোটারদের উপস্থিতি বেশি, সময় বেশি লাগায় ভোট পড়ছে কম
কেন্দ্রের সামনে লাইনে ভোটাররা। শ্রীবরদীর রুপারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তোলা ছবি
শেরপুর-৩ (শ্রীবরদী- ঝিনাইগাতী) আসনে সকাল থেকেই ভোটকেন্দ্রের সামনে ভোটারদের উপস্থিতি রয়েছে চোখে পড়ার মতো। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি বেশি। যদিও নারীদের ভোট দেওয়ার গতি বেশ ধীর। আঙুলের ছাপ মেলাতেও সময় বেশি লাগছে। এসব কারণে ভোটের হার কম হতে পারে বলে দায়িত্বে থাকা কর্মকর্তারা ধারণা করছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল দশটায় জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, এখন পর্যন্ত ১১ দশমিক তিন শতাংশ ভোট পড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বাড়বে।
এদিকে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বিপুল সংখ্যক পুলিশ, র্যাব, বিজিবিসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছে। প্রতিটি কেন্দ্রে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। এছাড়াও রয়েছে পুলিশের বডিওর্ন ক্যামেরা।

জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, আসনটিতে নির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মো. মাহমুদুল হক রুবেল, জামায়াত মনোনীত ও ১১ দল সমর্থিত প্রার্থী প্রয়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ছোটভাই অবসরপ্রাপ্ত সেনাসদস্য মাসুদুর রহমান মাসুদ এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থী মিজানুর রহমান।
এছাড়া নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর ৮টি মোবাইল টিম, ১৬ প্লাটুন বিজিবি, র্যাবের ১৪টি টিম এবং পুলিশের প্রায় ১ হাজার ১৫০ সদস্য মাঠে নিয়োজিত রয়েছেন।
মো. নাঈম ইসলাম/এফএ/এএসএম