ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

জ্বালানি প্রতিমন্ত্রী

কৃষকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ-জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে

জেলা প্রতিনিধি | যশোর | প্রকাশিত: ০৩:২৯ পিএম, ১১ এপ্রিল ২০২৬

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, জ্বালানি নিয়ে বৈশ্বিক একটি সংকট চলছে। সেই সংকটের আঁচ বাংলাদেশেও স্পর্শ করেছে। কিন্তু জনগণ যাতে ভোগান্তির শিকার না হয়, তার জন্য সরকার আন্তরিকভাবে কাজ করছে।

তিনি বলেন, এখন ইরিগেশন চলছে। কৃষক যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হন, তার জন্য আমরা কাজ করছি। কৃষকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এবং জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ৫০০ শয্যা বিশিষ্ট ভবন উদ্বোধনস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আগামী ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান এই হাসপাতালটি উদ্বোধনের কথা রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোরে আগমন কেবল আনুষ্ঠানিকতা নয়। এর মাধ্যমে যশোরের উন্নয়নের চাকা নতুন করে সচল হবে। বিগত ১৭ যশোরে যে উন্নয়নের চাকা থমকে গিয়েছিল।

অনিন্দ্য ইসলাম অমিত জানান, পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে খনন করা উলাশী খাল পুনঃখননের জন্য আগামী ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে আসছেন। এটা যশোরবাসীর জন্য অনেক বড় সুসংবাদ। তিনি যশোর বিমানবন্দর থেকে সরাসরি উলাশী খাল পুনঃখননের উদ্বোধন করবেন। এরপর সেখান থেকে ফিরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাতে তৈরি যশোর মেডিকেল কলেজের ৫০০ শয্যা হাসপাতালের উদ্বোধন করবেন তিনি। পরে তিনি জনসভা যোগ দেবেন। জনসভা শেষে প্রধানমন্ত্রী যশোর ত্যাগ করবেন।

মিলন রহমান/কেএইচকে/এএসএম