দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এমাম, সম্পাদক মাহবুবুর রহমান
অ্যাড. এমাম আলী ও অ্যাড. আবুল আলা মাহবুবুর রহমান ভুট্টু
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জেলা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাড. এমাম আলী সভাপতি ও সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ থেকে জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি অ্যাড. আবুল আলা মাহবুবুর রহমান ভুট্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) রাতে ভোট গণনা শেষে এই ফলাফল ঘোষণা করেন জেলা আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মো. ইব্রাহীম।
এর আগে শনিবার সকাল ১০টা হতে বিকেলে ৩টা পর্যন্ত আইনজীবী সমিতি মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৫৪৬ জন ভোটারের মধ্যে ৫০৩ জন ভোটার ভোট দেন।
নির্বাচনে ১৫ টি পদের মধ্যে সভাপতিসহ ৯টি পদে বিএনপি সমর্থিত আইনজীবী ফোরামের প্রার্থী ও সাধারণ সম্পাদকসহ ৪টি পদে সাধারণ আইনজীবী প্যানেলের প্রার্থী এবং সহ-সাধারণ সম্পাদকসহ দুইটি পদে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
সভাপতি পদে ৩১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেলের প্রার্থী জেলা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মো. এমাম আলী ও সাধারণ সম্পাদক পদে ১৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্যানেলের প্রার্থী দিনাজপুর জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি অ্যাড. আবুল আলা মো. মাহবুবুর রহমান ভুট্টু।
বিএনপি সমর্থিত আইনজীবী ফোরামের নির্বাচিত অন্যান্য বিজয়ীরা হলেন-সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম-২ প্রাপ্ত ভোট ২৪৯, মো. আব্দুল হান্নান ৩১১, সহ-সাধারণ সম্পাদক মো. মশিহুর রহমান ফাতেমী ২১৭, কোষাধ্যক্ষ মো. নিয়ামুল হক চৌধুরী ১৮৭, পাঠাগার সম্পাদক এসএমজি মোস্তাকিম ৩১৩,শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সাদেকা তামান্না ২৮৬, সমাজ কল্যাণ ও ধর্মীয় সম্পাদক পদে সাধারণ আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী মো. তোজাম্মেল হক বকুল ২৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আর সহ-সাধারণ সম্পাদক পদে ১৯৩ ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী মো. তোজাম্মেল হক লিটন বিজয়ী হয়েছেন।
এছাড়া নির্বাহী কমিটির বিজয়ী ৫ জন সদস্য হলেন- বিএনপি সমর্থিত আইনজীবী ফোরামের প্রার্থী মো. জোবায়ের আল মাহমুদ তুহিন ২৯৮, মো. এনামুল হক ২৪৬, সাধারণ আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থী মোহাম্মদ ওবায়দুল্লাহ ২৫৭, মোছা. শারমিন আক্তার সাথী ২৫৮ ও স্বতন্ত্র প্রার্থী মো. সাদেকুর রহমান বিপ্লব প্রাপ্ত ভোট ২৭৭।
এমদাদুল হক মিলন/এনএইচআর/জেআইএম