ফরিদপুর
৯ বছরেও শেষ হয়নি ওভারপাস, ক্ষোভে সড়ক অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ
ফরিদপুরের বোয়ালমারীতে দীর্ঘ ৯ বছরেও মাজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের সাতৈর ওভারপাস নির্মাণ কাজ শেষ না হওয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এসময় তারা লিজকৃত জমির বকেয়া পরিশোধ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
শনিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের বড়নগর গ্রামের বাইপাস সড়কে গাছ ফেলে ও সড়কে এ কর্মসূচি পালন করেন তারা। এসময় বিক্ষুব্ধরা সড়কের ইট তুলে চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেন। এতে ওই সড়কে সৃষ্টি হয় চরম ভোগান্তি।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৭ সালের ১৪ মার্চ সাতৈর এলাকায় রেলগেটে ওভারপাস নির্মাণের কথা বলে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে দুই বছরের জন্য জমি লিজ নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সেই লিজের মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে। প্রায় ৯ বছর পার হয়ে গেলেও এখনো শেষ হয়নি নির্মাণকাজ। শুধু তাই নয়, জমির ভাড়া বাবদ বকেয়া অর্থও পরিশোধ করা হয়নি বলে অভিযোগ ভুক্তভোগীদের।
এদিকে দীর্ঘদিন ধরে বাইপাস সড়কে চলাচলকারী যানবাহনের ধুলা-বালিতে অতিষ্ঠ হয়ে পড়েছেন সড়কের পাশের বাসিন্দারা। তাদের অভিযোগ, প্রতিশ্রুতি দিলেও ধুলা নিয়ন্ত্রণে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্টরা।
স্থানীয় বাসিন্দা মো. মিলন শেখ বলেন, দুই বছরের জন্য জমি লিজ দিয়েছিলাম, কিন্তু ৯ বছরেও কাজ শেষ হয়নি। আমাদের পাওনা টাকা পরিশোধও করা হয়নি। আমরা আমাদের লিজের পাওনা টাকা চাই। এছাড়াও প্রতিদিন এলাকাবাসী সড়কের ধুলোয় অতিষ্ঠ। প্রতিদিন রাস্তায় পানি দিয়ে ধুলা কমানোর কথা থাকলেও তা করা হয় না।

আরেক ভুক্তভোগী বাদশা শেখ ক্ষোভ প্রকাশ করে বলেন, এলাকার উন্নয়নের জন্য জমি লিজ দিয়েছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে আমরা প্রতারিত হয়েছি। সাত বছরের বকেয়া টাকা না দিলে আমরা আর এই সড়ক ব্যবহার করতে দেব না।
এ বিষয়ে জানতে চাইলে ওভারপাস নির্মাণে নিয়োজিত প্রতিষ্ঠান এমএম বিল্ডার্সের ম্যানেজার আব্দুল হামিদ খান বলেন, এই প্রকল্পে আগে কয়েকটি কোম্পানি কাজ ছেড়ে চলে গেছে। বর্তমানে আমরা কাজ করছি। তবে বাইপাস সড়ক আমাদের দায়িত্ব নয়, এটি সড়ক ও জনপদের অধীনে। ঘটনার পরপরই উপজেলা প্রশাসন ও সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে আলোচনা করেন।
ফরিদপুর সড়ক ও জনপদের সাবডিভিশনাল ইঞ্জিনিয়ার মীর্জা নুরুল কবীর বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ভুক্তভোগীদের পাওনা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হবে।
এ বিষয় বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান বলেন, অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে আপাতত সড়কের অবরোধ তুলে নেওয়া হয়েছে। আগামীকাল জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এন কে বি নয়ন/কেএইচকে/জেআইএম