ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ক্রীড়া প্রতিমন্ত্রী

আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণি থেকেই খেলাধুলা বাধ্যতামূলক

জেলা প্রতিনিধি | টাঙ্গাইল | প্রকাশিত: ০২:৫৯ পিএম, ১৩ এপ্রিল ২০২৬

আগামী শিক্ষাবর্ষ থেকে সরকার চতুর্থ শ্রেণি থেকেই খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ক্রীড়া মন্ত্রণালয়ের মৌখিক আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এ কাজগুলো একটি একটি পরিকল্পনামাফিক শেষ করবো।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলে শহীদ মারুফ স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমানের কৃষক কার্ড বিতরণের অনুষ্ঠাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের জাতীয় খেলোয়াড়দের ক্রীড়া ভাতার ব্যবস্থা করা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, আগামী ২ মে নতুন কুঁড়ি স্পোর্টস সিলেট থেকে একযোগে সারাদেশের জেলা শহরে প্রত্যেকটি স্টেডিয়ামে ১২ থেকে ১৪ বছর বয়সী বাচ্চাদের কার্যক্রম চালু হবে। আমাদের সন্তানরা, ভবিষ্যৎ প্রজন্ম যাতে জাতির জন্য, সমাজের জন্য গড়ে উঠতে পারে। নতুন কুঁড়ি স্পোর্টস কার্যক্রম বাংলাদেশে ইতিহাস হয়ে থাকবে ইনশাআল্লাহ।

এসময় প্রতিমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু ও অ্যাডভোকেট আব্দুস সালাম তালুকদার, জেলা প্রশাসক শরীফা হক প্রমুখ।

আব্দুল্লাহ আল নোমান/এসআর/জেআইএম