ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শরীয়তপুরে অনুমোদনহীন ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন

জেলা প্রতিনিধি | শরীয়তপুর | প্রকাশিত: ০৮:১৭ পিএম, ১৩ এপ্রিল ২০২৬

শরীয়তপুরের নড়িয়ায় একটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ভাটার আংশিক গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার মোক্তারেরচর এলাকার মেসার্স মক্কা ব্রিকস ফিল্ডে এ অভিযান চালান জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান পলাশ। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মেসার্স মক্কা ব্রিকস ফিল্ড ইটভাটার অনুমোদন না থাকায় ২০২৪ সালের জুন মাসে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এরপরেও নির্দেশ অমান্য করে প্রায় দুই বছর ধরে ভাটাটি অবৈধভাবে পরিচালিত হয়ে আসছিল।

সোমবার দুপুরে ভাটায় অভিযান পরিচালনা করে আংশিক উচ্ছেদ ও তিন লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান জানান, আমরা অবৈধ ইটভাটাগুলোর তালিকা করেছি। আজ একটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। জেলা প্রশাসকের নির্দেশে জেলার সকল অবৈধ ইটভাটার বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চলবে।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান পলাশ বলেন, অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে পরিবেশ ও মাটি ব্যবস্থাপনা আইনে ভাটার মালিককে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং ভাটার কার্যক্রম বন্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিধান মজুমদার অনি/এমএন/এএসএম