ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বাংলা নববর্ষ

পান্তায় ইলিশের বদলে পাঙাশ-কোরাল, প্রশংসায় ভাসছেন ইউএনও

জেলা প্রতিনিধি | পিরোজপুর | প্রকাশিত: ০৮:০৬ পিএম, ১৪ এপ্রিল ২০২৬

বাংলা নববর্ষ উপলক্ষে পিরোজপুরের জিয়ানগরে উপজেলা প্রশাসনের অনুষ্ঠানে পান্তা ভাতের সঙ্গে ইলিশের পরিবর্তে পরিবেশন করা হয়েছে কোরাল ও পাঙাশ মাছ। ব্যতিক্রমী এ উদ্যোগের অনেকে প্রশংসা করছেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় উপজেলা প্রশাসন ভবনের সামনে জাতীয় সংগীত ও বৈশাখী গানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

পরে উপজেলা চত্বর থেকে ইন্দুরকানী সরকারি ডিগ্রি কলেজ ক্যাম্পাস পর্যন্ত একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

পহেলা বৈশাখে ইলিশের বদলে পান্তায় কোরাল-পাঙাশ

অনুষ্ঠানের অংশ হিসেবে ঐতিহ্যবাহী পান্তা ভাত পরিবেশন করা হলেও ইলিশের পরিবর্তে দেওয়া হয় কোরাল ও পাঙাশ মাছ। উপজেলা পরিষদের পুকুরে জাল ফেলে ধরা বড় আকারের মাছ দিয়েই এ আয়োজন করা হয়। পাশাপাশি বাজার থেকেও কিছু মাছ সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমান বলেন, ‌‘বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করেই আমরা পহেলা বৈশাখ উদযাপন করেছি। সবার সহযোগিতায় সুন্দরভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে পেরে আমরা আনন্দিত।’

ইলিশের পরিবর্তে কোরাল-পাঙাশ পরিবেশনের কারণ জানতে চাইলে তিনি বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী নদী ও সাগরে মাছ ধরা সাময়িকভাবে বন্ধ থাকায় ইলিশের সরবরাহ নেই। তাই স্থানীয়ভাবে পাওয়া মাছ দিয়েই এ আয়োজন করা হয়েছে।

মো. তরিকুল ইসলাম/এসআর/এমএস