ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

স্বরাষ্ট্রমন্ত্রী

মাদক-মানব পাচার নির্মূলে শিগগির দেশব্যাপী বিশেষ অভিযান

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ১৪ এপ্রিল ২০২৬

দেশকে মানবপাচার ও মাদকমুক্ত করতে খুব শিগগিরই দেশব্যাপী বিশেষ অভিযান চালানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ নিতে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যকে সামনে রেখে সমন্বিতভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে মাঠে নামানো হবে এবং বিশেষ অভিযান পরিচালনা করা হবে, যাতে বাংলাদেশকে মাদকমুক্ত করা যায়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে কক্সবাজারের টেকনাফ এজাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

জুয়া ও অনলাইন জুয়ার প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, এ ধরনের কার্যক্রম বর্তমানে সামাজিক সমস্যায় পরিণত হয়েছে। বিষয়টি মোকাবিলায় সরকার গবেষণা করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মানবপাচার ইস্যুতে মন্ত্রী বলেন, দেশের কিছু অঞ্চলে-বিশেষ করে টেকনাফ, উখিয়া ও কক্সবাজার এলাকায় এ সমস্যা প্রকট আকার ধারণ করেছে। মানবপাচার রোধে ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সব পয়েন্টে কঠোর নজরদারি ও সুসংগঠিত অভিযান পরিচালনার মাধ্যমে এ অপরাধ দমন করা হবে।

তিনি বলেন, সরকার মানবপাচার বন্ধে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত অভিযান চালিয়ে যাবে এবং অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী সবাইকে এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, জনগণের সহযোগিতা ছাড়া এ ধরনের অপরাধ দমন কঠিন। কোথাও অপরাধ সংঘটিত হওয়ার তথ্য দিলে দ্রুত ব্যবস্থা নেয়া সম্ভব হবে।

এর আগে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ১০টি জেলার ১১টি উপজেলায় কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। পরে টেকনাফ উপজেলা প্রশাসনের উদ্যোগে এক হাজার ৬৯৮ জন কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ করা হয়।

এর আগে সকালে মন্ত্রী টেকনাফ স্থলবন্দর ও শাহপরীর দ্বীপ জেটি ঘাট পরিদর্শন করেন। এসময় কক্সবাজার-৪ (টেকনাফ-উখিয়া) আসনের এমপি শাহজাহান চৌধুরী, কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের এমপি লুৎফুর রহমান কাজল, কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী, জেলা প্রশাসক এম এ মান্নান, পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সায়ীদ আলমগীর/কেএইচকে/এমএস