ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

অপারেশনের পর জটিলতায় দুই নারীর মৃত্যু, আলমডাঙ্গার ফাতেমা ক্লিনিক বন্ধ

জেলা প্রতিনিধি | চুয়াডাঙ্গা | প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ১৫ এপ্রিল ২০২৬

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অপারেশন পরবর্তী জটিলতায় দুই নারীর মৃত্যুর ঘটনায় একটি ক্লিনিক সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

গত ৭ ও ১৩ এপ্রিল আলমডাঙ্গা শহরের থানা রোডের ফাতেমা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অপারেশনের পর জটিলতায় লাবনী আক্তার ও পারুলা নামের দুই নারীর মৃত্যু হয়। এ ঘটনায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বুধবার (১৫ এপ্রিল) দুপুরে আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের একটি বিশেষ টিম ক্লিনিকটিতে অভিযান চালায়।

এসময় ওই প্রতিষ্ঠানে প্রয়োজনীয় কাগজপত্র ও পরীক্ষা ছাড়া এক ব্যক্তিকে রক্ত দেওয়ার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপারেশনের পর জটিলতায় দুই নারীর মৃত্যু, আলমডাঙ্গার ফাতেমা ক্লিনিক বন্ধ

অভিযানে স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডা. আওলিয়ার রহমান এবং উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল শফিউল্লাহ নেতৃত্ব দেন। এসময় র‌্যাব ও পুলিশের একটি দল অভিযানে সহায়তা করে।

এসব তথ্য নিশ্চিত করে সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডা. আওলিয়ার রহমান বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ক্লিনিকটি সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি জরিমানাসহ তাদের বিরুদ্ধে অধিকতর তদন্ত চলমান।

হুসাইন মালিক/এসআর/জেআইএম