ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

অপতৎপরতা প্রতিহত করতে যুবলীগকে সজাগ থাকার আহ্বান

প্রকাশিত: ০৫:৪৮ পিএম, ১৭ জুলাই ২০১৬

বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলামে জঙ্গিবাদ ও সন্ত্রাসের কোনো স্থান নেই। যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে তারা দেশ ও জাতির শত্রু। তাদের অপতৎপরতা প্রতিহত করতে যুবলীগের সকল স্থরের নেতাকর্মীসহ সবাইকে সজাগ থাকতে হবে।

জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে যুবলীগের করণীয় শীর্ষক আলোচনা সভায় রোববার বিকেলে কক্সবাজার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

যুবলীগ নেতা বলেন, সাম্প্রতিক সময়ে দেশব্যাপী জঙ্গিবাদ ও সন্ত্রাসী অপতৎপরতা দেশের মানুষকে স্তম্ভিত করেছে। দেশের বর্তমান অবস্থায় যুবলীগের কর্মী হিসেবে আমাদেরকে নিরব দর্শক হলে চলবে না। দেশের ইতিহাসে সবচেয়ে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ বিরাজমান অবস্থায় আন্তর্জাতিক বিশ্ব যখন সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে বিস্ময় প্রকাশ করছে, ঠিক সে মূহুর্তে হাতে গুনা কিছু যুবক দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সংশ্লিষ্ট বিদেশি নাগরিক, সংখ্যালঘু সম্প্রদায়ের পুরোহিত, সেবায়েত এবং ধর্ম প্রচারকের উপর অতর্কিত হামলা ও গুপ্ত হত্যা চালিয়েছে।

সর্বশেষ ঢাকার গুলশানের হলি আর্টিসান রেস্তোরাঁ ও মুসলিমদের সবচেয়ে বড় আনন্দের দিন পবিত্র ঈদুল ফিতরের দিনে শোলাকিয়ায় হামলার মাধ্যমে সমগ্র দেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালায়।

তিনি আরো বলেন, জাতির প্রত্যাশা অনুযায়ী ১৯৭১ এর মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত যুদ্ধাপরাধীদের বিচার এবং একের পর এক বিচারের রায় কার্যকরকে বাধাগ্রস্ত করা, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিশ্বকে তাক লাগানো উন্নয়ন বাধাগ্রস্ত করা এবং উন্নয়ন সহযোগীদের নিরুৎসাহিত করা, আন্তর্জাতিকভাবে গড়ে উঠা দেশের ইতিবাচক ভাবমূর্তিকে বিনষ্ট করা ও অসম্প্রদায়িক চেতনাবোধ এবং সকল সম্প্রদায়িক মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতিকে বিনষ্ট করতে গণতান্ত্রিক পথে সরকারবিরোধী আন্দোলন গড়ে তুলতে ব্যর্থ বিএনপি-জামায়াতের মদদে দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসের উত্থান হচ্ছে।

শান্তির জনপদ বাংলাদেশের সমাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট করতে দেশবিরোধী রাজনৈতিক অপশক্তি যখন মরিয়া সে মূহুর্তে প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সবচেয়ে নির্ভরযোগ্য সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সকল স্থরের নেতা কর্মীদের এই অপশক্তির বিরুদ্ধে জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম পর্যায়ে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক আহ্বান জানান।

কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি মো. খোরশেদ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা পরিষদ প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ফরিদুল ইসলাম, অ্যাডভোকেট রনজিত দাশ, অ্যাডভোকেট ফরিদুল আলম, বাংলাদেশ আওয়ামী যুবলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক শহিদুল হক চৌধুরী (রাসেল), সহ-সম্পাদক আহমেদ রুবাইয়াত ইফতেকার, কেন্দ্রীয় নেতা হানিফ মিয়া হৃদয়, শহিদুল হক রানা, গিয়াস উদ্দিন আজম প্রমুখ।

কক্সবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক, পৌর মেয়র মাহাবুুবুর রহমান চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শহিদুল্লাহ চৌধুরী, জিএম আবুল কাশেম, সোহেল আহমদ বাহাদুর, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি রিয়াজ উল আলম, যুগ্ম-সম্পাদক মো. শহিদুল্লাহ, বাবুল ইসলাম বাহাদুর, সাংগঠনিক সম্পাদক জিএম জাহিদ ইফতেখার, দফতর সম্পাদক নীতিশ বুড়য়া, আইন সম্পাদক অ্যাডভোকেট জিয়া উদ্দিন আহমদ, শ্রম ও জনশক্তি সহ-সম্পাদক পলক বড়ুয়া আপ্পু, পৌর যুবলীগের আহ্বায়ক শোয়েব ইফতেকার, যুগ্ম-আহ্বায়ক ডালিম বড়ুয়া, আসাদ উল্লাহ, উখিয়া উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ, সাধারণ সম্পাদক ইমাম হোসেন, সদর উপজেলা যুবলীগের সভাপতি ইফতেখার উদ্দিন পুতু, সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকু, টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি মো. নুরুল আলম, টেকনাফ পৌর যুবলীগের সভাপতি ফজল কবির প্রমুখ।

সায়ীদ আলমগীর/একে