ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বেনাপোলে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রকাশিত: ১২:২১ পিএম, ১৮ জুলাই ২০১৬

যশোরের বেনাপোলে শেফালি খাতুন শেফা (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। যৌতুক না পেয়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন।

নিহত শেফা বাহাদুরপুর ইউনিয়নের ঘিবা গ্রামের বাদল হোসেনের মেয়ে এবং একই গ্রামের জোনাব আলীর ছেলে শরিফুল ইসলাম কালুর স্ত্রী। এ ঘটনার পর নিহতের স্বামী ও শাশুড়ি পলাতক।   

নিহতের বাবা বাদল হোসেনের অভিযোগ, শরিফুল নগদ টাকার জন্য প্রায়ই শেফাকে মারধর করতো। যখন যেভাবে পেরেছি তাকে টাকা দিয়েছি। কিন্তু বারবার শরিফুল ও তার মা শেফাকে মারধর করায় এর আগে দু’বার তাকে বাড়ি নিয়ে এসেছি। পরে শরিফুলের বাড়ির লোকজনের অনুরোধে আবার পাঠিয়েছি।

তিনি বলেন, সোমবার ভোরে শরিফুলের প্রতিবেশীরা মুঠোফোনে আমাকে জানায়, শেফা বিষ খেয়ে আত্মহত্যা করেছে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, শেফার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে।

মোঃ জামাল হোসেন/এএম/পিআর