ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দুই পক্ষের গোলাগুলিতে যুবক নিহত

প্রকাশিত: ০৩:১৯ এএম, ১৯ জুলাই ২০১৬

যশোরে ডাকাতদের সঙ্গে মাদক বিক্রেতাদের গোলাগুলিতে অজ্ঞাত এক যুবক (৩২) নিহত হয়েছেন। সোমবার মধ্যরাতে শহরের বারান্দীপাড়া ভৈরব নদের ব্রিজের পশ্চিম পাশ এলাকার একটি বাগানে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে একটি পাইপগান, তিন রাউন্ড গুলি ও তিনটি দা উদ্ধার করেছে পুলিশ। নিহতের মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
 
যশোর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানিয়েছেন, বারান্দীপাড়া এলাকায় ডাকাতদের সঙ্গে মাদক বিক্রেতাদের গোলাগুলি হচ্ছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশ দশ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে দুর্বৃত্তদের হটিয়ে দেয়।

পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত এক যুবককে (আনুমানিক ৩০-৩২ বছর) উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনা হয়।

যশোর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক কাজল মল্লিক জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এক রাউন্ড গুলি তার মাথা ভেদ করে বেরিয়ে গেছে।

মিলন রহমান/এফএ/পিআর