কুমিল্লা মেডিকেলে নারী শ্রমিক ধর্ষণের ঘটনায় মামলা
ফাইল ছবি
ইপিজেডে চাকরির প্রলোভন দেখিয়ে চেকআপের নামে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এক নারী শ্রমিককে ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ওই ধর্ষিতা বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
জানা যায়, বরুড়া উপজেলার জয়াগ গ্রামের ওই নারী শ্রমিক সোমবার সকালে নতুন চাকরির খোঁজে কুমিল্লা ইপিজেডে যায়। এসময় এক ব্যক্তি তাকে চাকরি দেয়ার প্রলোভন দেয়। আর চাকরিতে যোগদান করতে হলে মেডিকেল চেকআপ করতে হবে বলে তাকে জানায়। পরে ওই ব্যক্তি তাকে মেডিকেল চেকআপের নামে দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ তলার ১১নং ওয়ার্ডে বিভাগের ৪৫৭নং কক্ষের পাশে নামাজ পড়ার স্থানে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালের গাইনী ওয়ার্ডের পেইং বেডে ভর্তি করা হয়।
ওই ধর্ষিতা জানায়, সোমবার বেলা ১১টা থেকে ১২টার দিকে ওই ব্যক্তি হাসপাতালের দ্বিতীয় তলার একটি কক্ষে ঢুকে কিছুক্ষণ পর বের হয়ে তাকে নিয়ে চতুর্থ তলায় ১১নং ওয়ার্ডে নামাজ পড়ার স্থানে নিয়ে মুখ চেপে ধরলে অজ্ঞান হয়ে পড়ি। পরে ওই ব্যক্তি তাকে ধর্ষণ করে পালিয়ে যায়।
ধর্ষিতার বক্তব্য ও মামলার এজাহার অনুযায়ী প্রকাশ্য দিবালোকে হাসপাতালের ওয়ার্ডের নামাজের স্থানে পাশবিক এ ঘটনা ঘটলেও কর্তব্যরত চিকিৎসক-নার্স ও কর্মচারীদের কেউই ঘটনাটি দেখেননি বলে জানিয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালী মডেল থানার এসআই দেলোয়ার হোসেন জানান, ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ধর্ষক শনাক্ত করাসহ গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
কামাল উদ্দিন/এআরএ/পিআর