ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কক্সবাজারে যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০৪:০৪ এএম, ২৩ জুলাই ২০১৬

কক্সবাজার সদরের ঈদগাঁও থেকে মিজানুর রহমান নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁওর কালিরছড়া লালছরি পাড়াস্থ ঝিরির কিনার থেকে ছুরিকাহত ও অর্ধ মাটিচাপা মরদেহটি উদ্ধার করা হয়।

মিজান সদরের ঈদগাঁওর ইসলামাবাদ ঢালার দুয়ার এলাকার মুহাম্মদ হোসেনের ছেলে ও নাইক্ষংছড়ির বাইশারি ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা। ভগ্নিপতি হানিফ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে দাবি করেছে নিহতের পরিবার।

স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁওর কালিরছড়া লালছরিপাড়ার জনশূন্য এলাকায় এক যুবকের চিৎকার শুনতে পান স্থানীয়রা। লোকজন ঘটনাস্থলে এলে ঝিরির কিনারে যুবকের নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

ঈদগাঁও তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মিনহাজ মাহমুদ তথ্যের সত্যতা স্বীকার করে বলেন, খবর জানার পর এসআই জাহাঙ্গীরের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধমাটিচাপা যুবকের মরদেহ উদ্ধার করে তদন্তকেন্দ্রে নিয়ে যায়। তার পিঠে ও ডানপাজরে বেশ কয়েকটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে ছুরিকাঘাত করার পর মৃত্যু নিশ্চিত করতে তাকে মাটি চাপা দেয়ার চেষ্টা চালায় দুর্বৃত্তরা।
 
তিনি আরো বলেন, ঘটনাটি পরিকল্পিত বলে মনে হচ্ছে। এসময় ঘটনাস্থল থকে একটি ছোরা ও একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। ঘাতকদের সনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলম জানান, পারিবারিক কলহের জেরে মিজানের ছোট বোন স্বামীর বাড়ি থেকে ভাইয়ের বাড়িতে চলে আসে। এ নিয়ে ভগ্নিপতি হানিফের সঙ্গে অনেক রাগারাগি করেছিলেন মিজান। এসব বিষয় নিয়ে মিজান তার (চেয়ারম্যান আলমের) সঙ্গে পরামর্শ করেছিলেন। ধারণা করা হচ্ছে এসব বিষয় নিয়ে মিজানের উপর প্রতিশোধ পরায়ণ হয়ে হানিফ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

সায়ীদ আলমগীর/এফএ/এমএস

আরও পড়ুন