ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরের সংশোধনী কেন্দ্রে স্কাইপি সুবিধা চালু

প্রকাশিত: ১০:০১ এএম, ২৩ জুলাই ২০১৬

গাজীপুরে কিশোর-কিশোরী সংশোধনী কেন্দ্রে থাকা শিশুরা তাদের বাবা-মা ও অভিভাবকদের সঙ্গে ডিজিটাল প্রযুক্তি স্কাইপির মাধ্যমে ভিডিও কনফারেন্সে কথা বলেছে।

শনিবার কিশোর-কিশোরী সংশোধনী কেন্দ্রে বাংলাদেশে প্রথমবারের মতো চালু হওয়া এ স্কাইপি কথোপকথনের উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।   

ফলে এখন থেকে নিবাসে থাকা শিশু, কিশোর-কিশোরীদের মা-বাবা ও অভিভাবকরা বিভিন্ন জেলা থেকে কেন্দ্রে না এসে নিজ জেলা থেকে সরাসরি সন্তানদের সঙ্গে কথা বলতে পারবেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন, তা তিনি দেখে যেতে পারেননি। ডিজিটাল বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তিনি দেখেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

Gazipur

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. চৌধুরী মো. বাবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সু্প্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক মোহাম্মদ ইমান আলী, হাইকোর্ট বিভাগের বিচারক শেখ হাসান আরিফ, সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নুরুল কবির, গাজীপুর জেলা প্রশাসক এস.এম আলম প্রমুখ।

আয়োজকরা জানান, কিশোরী সংশোধনী কেন্দ্র কোনাবাড়ি, কিশোর সংশোধনী কেন্দ্র টঙ্গী ও কিশোর সংশোধনী কেন্দ্র পুলেরহাট যশোর এ তিনটি কেন্দ্র সমাজসেবা অধিদফতর কর্তৃক পরিচালিত হয়। দেশে কিশোর-কিশোরীদের জন্য এটাই সংশোধনী কেন্দ্র। আইনের সংস্পর্শে আসা শিশু-কিশোর ও কিশোরীদের অভিভাবকরা যদি মনে করেন যে তাদের সন্তানদের নিয়ন্ত্রণ করতে পারছেন না, তখন সন্তানকে এ কেন্দ্রে রেখে উন্নয়নের চেষ্টা করেন। শনিবার এই তিনটি কেন্দ্র থেকে ১১ জন শিশু, কিশোর-কিশোরী স্কাইপির মাধ্যমে সরাসরি রাজশাহী, পাবনা, নড়াইল, চট্টগ্রাম, সুনামগঞ্জ, লক্ষ্মীপুর, মাদারিপুর ও চাঁদপুরসহ বিভিন্ন জেলায় তাদের মা-বা ও অভিভাবকদের সঙ্গে কথা বলেছে।

মোঃ আমিনুল ইসলাম/এএম/আরআইপি